
শেষ আপডেট: 1 June 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে গিয়েছে পাকিস্তান। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রামিজ রাজা। তিনি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন, আমি হতাশ বর্তমান দলের পারফরম্যান্স দেখে। জানি না এই দল কী করে টি ২০ বিশ্বকাপে খেলবে!
দলের ওপেনিং জুটিতে বারবার বদল ঘটিয়ে দলের ভারসাম্য নষ্ট করে দিয়েছেন বাবর আজমরা, সেটাই বলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। রামিজ বলেছেন, এমনভাবে টি ২০ বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা করা বন্ধ হোক। আগে লক্ষ্য স্থির করতে হবে, না হলে কোনওভাবেই সাফল্য আসবে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান করেছে মাত্র ২০ ওভারে ১৫৭ রান, যা কখনই টি ২০ ক্রিকেটের পক্ষে মানানসই নয়। সেই নিয়ে গর্জে উঠেছেন রামিজ। ঠোঁটকাটা এই প্রাক্তন বোর্ড প্রধাজ জানান, ‘‘এগুলো কী হচ্ছে আমি বুঝতে পারছি না। বারবার কেন ওপেনিং জুটি বদল হচ্ছে? মিডলঅর্ডারে নামানো হল দলের অলরাউন্ডারদের। স্পিনারদের বলে টার্ন নেই। দলের প্রথম একাদশ ঠিক হয়নি। পাক দলটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছ তোমরা।’’
ইংল্যান্ডের বিরুদ্ধে পাক দলের হয়ে ওপেন করতে নামেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। তাঁরা কেউ রান পাননি। দলের হয়ে সর্বোচ্চ রান উসমান খান (৩৮)। বিশ্বকাপের আগে চার ম্যাচের সিরিজে হার পাক দলের। মেগা ইভেন্টে তাদের কোনও প্রস্তুতি ম্যাচ নেই।
টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাক দলের ম্যাচ রয়েছে ৯ জুন। সেই ম্যাচ নিয়ে কিছু না বললেও রামিজ বুঝিয়ে দিয়েছেন এই দলের ভবিষ্যৎ ভাল নয়। মেগা ইভেন্টে ভারতের বিপক্ষে পাক দলের রেকর্ড ভাল নয়।