
রামিজ রাজা
শেষ আপডেট: 25 February 2025 14:23
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) থেকে বিদায় নিয়েছে পাকিস্তান (Pakistan)। ইতিমধ্যে পড়শি মুলুকে নানান সংস্কার, নানাবিধ বদলের প্রস্তাব এসেছে। ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই কাঠগড়ায় তুলেছেন বাবর আজম থেকে শুরু করে গোটা টিম ম্যানেজমেন্টকে।
যদিও দলের ভরাডুবি প্রসঙ্গে ভিন্ন সুর গেয়েছেন পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja)। রামিজের তত্ত্ব--চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যায়ভাবে, ষড়যন্ত্র করে কঠিন সিডিউলের মুখে ফেলা হয়েছে পাকিস্তানকে। নিউজিল্যান্ডের বদলে যদি অপেক্ষাকৃত দুর্বল দল বাংলাদেশের মুখোমুখি হতেন মহম্মদ রিজওয়ানরা, তাহলে ফল অন্যরকম হতেই পারত।
রামিজ তাঁর দলের হার বিশ্লেষণ করতে গিয়ে ইউটিউব চ্যানেলে বলেন, 'আমি অবাক হয়ে ভাবছি, কেন পাকিস্তানকে তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হল। তাদের অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে নামা উচিত ছিল। যদিও বাংলাদেশ শক্তিশালী দল, তবু পাক টিমের জন্য সেটা তুলনামূলক সহজ চ্যালেঞ্জ হতে পারত।'
এর সপক্ষে অবশ্য যুক্তিও রেখেছেন প্রাক্তন ক্রিকেটার রামিজ। তাঁর দাবি--পাকিস্তান-বাংলাদেশ প্রথম ম্যাচ গ্রুপ এ-র সমস্ত দলকে একই রকম চাপে রাখতে পারত। কিন্তু সেটা না হওয়ায় নিউজিল্যান্ড আগাম অ্যাডভান্টেজ পেয়ে যায়। অন্যদিকে প্রথম ম্যাচে হার পাক বাহিনীর উপর চাপ তৈরি করে। ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর যা বাড়তে থাকে।
ভারতের বিরুদ্ধে আত্মসমর্পণ এবং নিউজিল্যান্ডের বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি হয়েছে পাকিস্তানের। যদিও ঘরের মাঠে এমন অসহায়ভাবে পরাস্ত হওয়ার পরেও বিপক্ষ নায়ক বিরাট কোহলিকে কুর্নিশ জানাতে ভোলেননি রামিজ। 'চেজ মাস্টার' বিরাট-ই যে ভারতের জয়ের আসল 'মাস্টারমাইন্ড'--একথা ফের একবার মনে করিয়ে দিয়েছেন রামিজ রাজা।