দ্য ওয়াল ব্যুরো: শেষ বাঁশি বাজতেই ডাগআউটে দাঁড়ানো ক্রোয়েশিয়া রিজার্ভ বেঞ্চ বোল্টের গতিতে ঢুকে পড়ল মাঠে। যে যাকে পারছে জড়িয়ে ধরছে। আসলে কী করবে সেটাই বুঝে উঠতে পারছে না। কেউ হাউহাউ করে কাঁদছে, কেউ আনন্দে শুয়ে পড়েছে মাটিতে। অন্যদিকে ব্রিটিশ দলও ধরাশায়ী। কেউ মুখ গুঁজেছেন ঘাসে তো কেউ বসে পড়েছেন মাথা হেঁট করে। একদল আনন্দে দিশাহারা অন্য দল ডুবে গিয়েছে বিষাদে। এক দলের প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলার উল্লাস অন্য দলের ৫২ বছরের খরা কাটাতে না পারার যন্ত্রণা। কিন্তু র্যাকিটিচ কোথায়?
ক্যামেরা যখন বার্সা তারকাকে ফ্রেমে ধরল তিনি তখন গ্যালারির কাছে। খুলে ফেলেছেন জার্সি-প্যান্ট। অন্তর্বাস পরেই উৎসবে মাতলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার। একটি পশ্চিমী মিডিয়ার দাবি, নিজের জার্সি র্যাকিটিচ ছুঁড়ে দিয়েছেন গ্যালারিতে থাকা এক দেশীয় তরুণীর দিকে। ম্যাচ শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল র্যাকিটিচের এই ছবি।