
নীতীশ রানা
শেষ আপডেট: 17 April 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে প্রথম সুপার ওভার। টানটান লড়াই। আর রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্সে জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে রোমাঞ্চকর দ্বৈরথে শেষ হাসি হাসল অক্ষর প্যাটেলের ব্রিগেড। সবাইকে ছাপিয়ে নায়ক হয়ে উঠলেন মিচেল স্টার্ক। বড় রানের ম্যাচ, যেখানে দু’দলের ব্যাটসম্যানরাই ফর্মে ছিলেন, সেখানে স্পটলাইট কেড়ে নিয়েছেন অভিজ্ঞ অজি পেসার।
কিন্তু টানটান ম্যাচ কেন হারতে হল রাজস্থানকে, তার কারণ খুঁজতে বসে বিশেষজ্ঞদের একাংশ তুলে আনলেন একটি বিশেষ সিদ্ধান্ত। প্রাক্তন অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসন, যিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন, তাঁর মতে, ফর্মে থাকা নীতীশ রানাকে সুপার ওভারে না নামানোটাই ফারাক গড়ে দিয়েছে। সুপার ওভারে রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল ও সিমরন হেট্মেয়ারকে খেলানোর সিদ্ধান্ত নেয় রাজস্থান শিবির। অথচ একই ম্যাচে ২৮ বলে ৫১ রান তুলে দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন নীতীশই। তবুও কেন নামানো হল না তাঁকে? প্রশ্ন তুলেছেন ওয়াটসন।
তিনি বলেন, ‘কালকের ম্যাচে বেশ কিছু অদ্ভুত মুহূর্ত দেখা যায়। দুজন খেলোয়াড় রান রাউট হন। আমরা চর্চা চালাচ্ছিলাম: নীতীশ কি এমন অন্যায় করেছে যে তাকে সুপার ওভারে খেলানো হল না? তোমার হাতে এমন একজন ব্যাটসম্যান রয়েছে যে রান করেছে। এই পরিস্থিতিতে তাকে না নামানোর কোনও মানেই হয় না।‘
এর আগে যখন মনে হচ্ছিল ১৮৯ রানের টার্গেট সহজেই তুলে ফেলবে রাজস্থান রয়্যালস, তখন দিল্লিকে লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনেন মিচেল স্টার্ক। তাঁর দুটি ওভারই গড়ে দেয় লড়াইয়ের ভবিতব্য। প্রথমে কুড়িতম ওভারে মাত্র ৯ রান দিয়ে ম্যাচকে সুপার ওভারে টেনে নিয়ে যাওয়া। তারপর সুপার ওভারে ১১ রানে প্রতিপক্ষকে বেঁধে রাখা। যার ফলে শেষ হাসি হাসে দিল্লি ব্রিগেড।
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলরা ১৮৮ রান তোলেন। জবাবে ব্যাট করতে নেমে পাল্টা লড়াই শুরু করেন যশস্বী জয়সওয়াল (২৭ বলে ৫১ রান) এবং নীতীশ রানা (২৮ বলে ৫১ রান)। জোড়া হাফ-সেঞ্চুরির সৌজন্যে বড় টার্গেট সফলভাবে তাড়া করার দিকে এগতে থাকে রাজস্থান। এই অবস্থায় শেষ ওভারে দরকার ছিল ৯ রান। আজকাল টি-২০-তে যেটা মোটেও দুঃসাধ্য নয়। কিন্তু তখনই দিল্লির পরিত্রাতা হয়ে ওঠেন মিচেল স্টার্ক। প্রথমে ৯ রান খরচ করে সুপার ওভার সুনিশ্চিত করা। তারপর সুপার ওভারে বল করতে এসে মাত্র ১১ রানে রাজস্থানকে বেঁধে রাখা। দ্বৈরথের ভবিতব্য একা হাতে এঁকে দেন অস্ট্রেলীয় পেসার। বিফলে যায় নীতীশের নায়কোচিত ঝোড় প্রত্যাঘাত।