
চেন্নাইতেও ফাইনাল ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি।
শেষ আপডেট: 26 May 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো: রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইতেও বৃষ্টি হতে পারে কেকেআর এবং হায়দরাবাদ ফাইনাল ম্যাচের সময়। সেরকমই জানিয়েছে তামিলনাড়ু আবহাওয়া দফতর। তারা এও বলেছে, রাতের দিকে প্রবল ঝড় বইতে পারে। সেক্ষেত্রে খেলা হবেই, জোর দিয়ে বলা যাচ্ছে না।
শনিবার এই বৃষ্টির প্রভাবে বিকেলের দিকে দুটি দলের কেউই অনুশীলন সারতে পারেনি। রাতের দিকে এবং রবিবার সকালেও বৃষ্টি হয়েছে চেন্নাইতে। সেইজন্যই আরও আশঙ্কা তৈরি হয়েছে। গতবারও ফাইনাল ম্যাচের প্রথমদিন আমদাবাদে বৃষ্টি হয়েছিল। সেই ম্যাচ পরেরদিন হয়েছিল এবং চেন্নাই বিপক্ষ দল গুজরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এবারও কি তাই হবে? চেন্নাইতে ফোন করে জানা গেল, রবিবার দুপুর থেকে আকাশ পরিষ্কার থাকলেও জায়গায় জায়গায় মেঘ জমে রয়েছে। তাই ওমান থেকে আসা রেমাল ঘূর্ণিঝড় দানা বাঁধলে তার রূপ মেরিনা বিচের শহরে কতটা প্রভাব ফেলবে, সেই নিয়ে চাপা আশঙ্কা রয়েছে। যে মাঠে খেলা, সেই চিপক স্টেডিয়াম সমুদ্রের পাশেই, তাই ঝড় বইলে তার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।
একান্ত বৃষ্টিতে খেলা বাতিল হলে সোমবার শুরু থেকে ম্যাচ হবে। রাত পৌনে দশটা পর্যন্ত দেখা হবে খেলা শুরু করা যাবে কিনা, না হলে ম্যাচ রেফারি সোমবারের জন্য খেলা বলে দেবেন। তবে আজ টস হয়ে গেলে যে দল আগে ব্যাটিং করবে, সেই নিয়মই কাল সোমবার বর্তাবে। টসের ক্ষেত্রে একই সিদ্ধান্ত রেখে দেওয়া হবে। ফাইনাল ম্যাচে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।