
রাহুল দ্রাবিড়
শেষ আপডেট: 10 July 2024 17:03
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় বোর্ড পুরো দলের জন্য মোট ১২৫ কোটি টাকা পুরস্কার অর্থ ঘোষণা করে। সেই অনুযায়ী ১৫ জন ক্রিকেটারের মতো কোচ রাহুল দ্রাবিড় পেয়েছেন ৫ কোটি টাকা। কিন্তু এই অর্থের অর্ধেক তিনি ফিরিয়ে দিয়েছেন বিসিসিআইকে।
ভারতীয় দলের ক্রিকেটার ছাড়াও সাপোর্ট স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারদের জন্য একটা মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করেছে ক্রিকেট বোর্ড। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচরা পেয়েছেন আড়াই কোটি টাকা। রাহুল দ্রাবিড় এই অর্থের তফাৎ নিয়েই অসন্তোষ প্রকাশ করেন। তিনি চেয়েছেন তাঁরা সকলেই যেন এক অর্থমূল্য পান। সেই কারণে নিজের ৫ কোটি টাকা বোনাসের থেকে আড়াই কোটি বিসিসিআইকে ফিরিয়ে দিয়েছেন তিনি। তিনি চান এই টাকা চার জন কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক।
এটা অবশ্যই নজির তবে এমন কাজ এর আগেও করেছেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ থাকাকালীন যখন দ্রাবিড় বিশ্বকাপ জিতেছিলেন তখন বোর্ড তাঁকে আর্থিক পুরস্কার হিসাবে ৫০ লক্ষ টাকা দিয়েছিল। তবে সহকারী কোচরা পেয়েছিলেন ২০ লক্ষ। সে বারও নিজের বাড়তি টাকা ফিরিয়ে দিয়ে রাহুল দ্রাবিড় বাকিদের মধ্যে সেই টাকা সমান ভাগে ভাগ করে দিতে বলেছিলেন।
ভারতীয় কোচ হিসেবে দ্রাবিড় আর কাজ করবেন না। টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। তাঁর সঙ্গে বোর্ড ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে। দিল্লির এই সাংসদ এবার কেকেআর মেন্টরের দায়িত্ব নিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছেন। গম্ভীর দায়িত্বে আসায় ভারতীয় দলের বাকি সাপোর্ট স্টাফদেরও বদল হবে। কারণ তিনি কোচ হওয়ার আগে বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন, কোচ হলে দলের সহকারী বাছাই করবেন তিনিই। সেই হিসেবে পরশ মামরে, বিক্রম রাঠোরদের যুগও শেষ হতে চলেছে।
কানাঘুষো শোনা যাচ্ছে, গৌতম গম্ভীরের জায়গায় রাহুল দ্রাবিড়কে মেন্টর করতে পারে কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতীয় দল ফেরার পরেই দ্রাবিড়ের সঙ্গে নাকি কথা বলেছেন নাইটের শীর্ষ আধিকারিকরা। জল্পনা, শাহরুখ খানও নাকি ভারতের প্রাক্তন কোচের সঙ্গে কথা বলেছেন। এখন ভবিষ্যতে কী হয়, সেটাই দেখার।