
শেষ আপডেট: 23 November 2023 13:49
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে রাহুল দ্রাবিড়ের সম্পর্ক শেষ হচ্ছে? সেই জল্পনা চলছে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে রাহুলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন করে চুক্তি করতে আগ্রহী নন রাহুল! এখন প্রশ্ন হচ্ছে, রাহুল দায়িত্ব ছাড়লে কে দায়িত্ব নেবেন ভারতীয় ক্রিকেট দলের?
বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা এখনও ভুলতে পারেনি ভারতীয় শিবির। বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়রদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলবে ভারতীয় দলের তরুণ ব্রিগেড। তবে এই দলের কোচ নন রাহুল। তাঁর পরিবর্তে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিসিআই সূত্রে খবর, রাহুল দ্রাবিড় যে কোচ থাকতে চান না, তা বোর্ড কর্তাদের জানিয়েছেন। এক বোর্ড কর্তার কথায়, 'রাহুল দ্রাবিড় নিজের ইচ্ছের কথা বলেছেন। একটা সময় ভারতীয় দলের ক্রিকেটার ছিলেন। তারপর গত দু'বছর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। কিন্তু এখন আর তিনি এই চাপের মধ্যে দিয়ে যেতে চান না।'
রাহুল ছাড়লে কে দায়িত্ব নেবেন? ওই বোর্ড কর্তার কথায়, 'ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলে কোচ হতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান।' কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে লক্ষ্মণের সম্পর্ক নতুন নয়। রাহুল থাকাকালীনই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কোচ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া সিরিজে লক্ষ্মণ ভারতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে থাকছেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, রাহুল ফের এনসিএ-তে ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। পূর্ণ সময়ের কোচের দায়িত্ব ছেড়ে রাহুল আবার নিজের শহর বেঙ্গালুরুতে ফিরতে চান। শোনা যাচ্ছে, আইপিএলে কোনও এক দলের দায়িত্বে থাকতে পারেন দ্রাবিড়। দু'টি দলের সঙ্গে কথা চলছে তাঁর। আইপিএলের দলের সঙ্গে যুক্ত হলে তিনি আর ভারতীয় বোর্ডের সদস্য থাকতে পারবেন না। মনে করা হচ্ছে, সেই কারণেই আগেভাগে দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন রাহুল।