
শেষ আপডেট: 6 January 2024 13:13
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় অলিম্পিক সংস্থার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসেবে বেছে নেওয়া হয়েছে রঘুরাম আইয়ারকে। সিইও বাছার জন্য ভারতীয় অলিম্পিক সংস্থা একটি নির্বাচন কমিটি তৈরি করেছিল। সেই কমিটিই সিইও প্রার্থীদের যোগ্যতা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে রঘুরামের নামে সিলমোহর দিয়েছে। কমিটির তরফ থেকে এই খবর জানিয়েছেন ভারতের প্রাক্তন দৌড়বিদ তারকা পিটি ঊষা।
কমিটির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মাসিক ২০ লাখ টাকা বেতনের বিনিময়ে রঘুরাম আইয়ারকে ভারতীয় অলিম্পিক সংস্থার নতুন সিইও করা হয়েছে। নেতৃত্ব, স্ট্যাটেজি ও খেলা সম্পর্কে সম্যক ধারণা -- এই তিনের মধ্যে অদ্ভুত সমন্বয় করেছেন আইয়ার। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইয়ারের নিয়োগ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। সর্বসম্মতভাবেই আইয়ারকে নতুন সিইও হিসেবে বেছে নেওয়া হয়েছে।
কে এই আইয়ার?
ভারতীয় ক্রীড়া জগতে আইয়ার খুবই পরিচিত নাম। আইপিএল হোক বা আইএসএল আইয়ারকে দেখা গেছে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকতে। আইপিএলের তিনটি দলের সঙ্গে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন তিনি। রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টাস ও রাইজিং পুণে সুপারজায়ান্টাস দলের সিইও ছিলেন আইয়ার। এছাড়াও এটিকে মোহনবাগান দলের সঙ্গেও ছিলেন তিনি। এমনকী টেবল টেনিসের মতো খেলার সঙ্গেও জড়িয়ে থাকতে দেখা গেছে আইয়ারকে।
পিটি ঊষা মনে করেন, আইয়ারের নেতৃত্বে অনেক দলই সাফল্যের শীর্ষে পৌঁছেছে। খেলার প্রতি তাঁর ভালবাসা ও মেধা দিয়ে টিম পরিচালনা করার ক্ষমতাই অন্যান্যদের থেকে আইয়ারকে এগিয়ে রেখেছে। ভারতীয় অলিম্পিক সংস্থার সিইও হিসেবে ভারতের বিভিন্ন খেলাকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।
অতীতে ভারতীয় অলিম্পিক সংস্থায় পূর্ণ সময়ের সিইও ছিল না। সেই কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির রোষের মুখেও পড়ে তারা। তাই পূর্ণ সময়ের সিইও নিয়োগ নিয়ে তৎপরতা দেখা যায়। নির্বাচন কমিটি তৈরি করা হয়েছিল। তারাই এবার আইয়ারকে দায়িত্ব দিল।