
শেষ আপডেট: 14 March 2025 21:34
দ্য ওয়াল ব্যুরো: প্রথম জন যদি হন ক্লে কোর্টের রাজা, দ্বিতীয় জন গ্রাস কোর্টের অধীশ্বর, তিন নম্বর জন হার্ড কোর্টের বাদশা। একজনের দখলদারি ফ্রেঞ্চ ওপেনে। দ্বিতীয় জনের প্রিয় বধ্যভূমি উইম্বলডন। তৃতীয় জন আবার অস্ট্রেলিয়ান ওপেনকে নিজের মসনদ বানিয়ে ফেলেছেন।
টেনিস দুনিয়ার তিন কিংবদন্তি—নাদাল-ফেডেরার-জোকোভিচের পারস্পরিক দ্বৈরথের জমানা শেষ৷ ফেডেরার আগেই র্যাকেট তুলে রেখেছিলেন। নাদাল গত বছর টেনিস দুনিয়াকে আলবিদা জানিয়েছেন। একমাত্র জোকোভিচই খেলাটা চালিয়ে যাচ্ছেন। ফলে টেনিসের তিন মহারথীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা আর নেই।
যদিও দ্বৈরথ ফুরোলেও পুরোনো দিনের স্মৃতি রোমন্থন থেমে নেই। সম্প্রতি আরেক প্রাক্তন টেনিস তারকা অ্যান্ডি রডিকের ইউটিউব পডকাস্টে হাজির হন নাদাল। সেখানে তিনি ত্রিমূর্তির কোর্টের লড়াই নিয়ে অনেক রকম মন্তব্য করেছেন৷
প্রত্যাশিতভাবেই ধেয়ে এসেছে প্রশ্ন: রজার না জোকোভিচ—কার সঙ্গে ডুয়েল তিনি সবচেয়ে বেশি উপভোগ করতেন? জবাবে স্পেনের প্রাক্তন টেনিস খেলোয়াড় জানান, দুই প্রতিপক্ষই দু’ধরনের স্টাইলে খেলতেন। ফলে তাঁদের বিরুদ্ধে দু'রকমের রণকৌশল নিতে হত। তবে দিনের শেষে রজার ফেডেরারের সঙ্গে টেনিস-যুদ্ধকেই এগিয়ে রাখবেন তিনি। নাদাল বলেন, ‘ফেডেরারের বিরুদ্ধে খেলতে গিয়ে আমি একটা বিষয় ছকে নিয়ে এগোতাম। আর ও ঠিক উলটো জিনিসটা করত৷ প্রতিবার ওর ব্যাকহ্যান্ডকে টার্গেট করতাম আমি৷ আর লাইন বরাবর খেলতে গেলে সবসময় নিজেকে বোঝাতাম—এক, পয়েন্ট জিতে নিতে এটা জরুরি। আর দুই, ওকে এই জায়গা থেকে সরিয়ে বেশি জমি তৈরির জন্যও শটটা আমায় খেলতেই হবে৷ আর ফেডেরার প্রত্যেকবার এটা এড়ানোর চেষ্টা চালাত।’ আর এভাবেই কখনও তিনি, কখনও ফেডেরার জিতেছেন বলে মত নাদালের।
ফেডেরারের কোন শট সবচেয়ে আক্রমণাত্মক? নাদালের জবাব—ফোরহ্যান্ড। ‘ফেড-এক্সে’র মতো বিধ্বংসী ফোরহ্যান্ড তিনি দেখেননি বলে দাবি নাদালের। তাঁদের লড়াই অনেকটা দাবাখেলার মতো৷ দুজনই জানতেন কী হতে চলেছে, কার স্ট্র্যাটেজি কীরকম। তবু দিনের শেষে যে ভাল খেলেছে সে-ই জিতেছে। মত স্পেনীয় তারকার।
অন্যদিকে জোকোভিচের টেনিস, বিশেষত তাঁর বল কন্ট্রোলের উচ্চকিত প্রশংসা শোনা গিয়েছে নাদালের বক্তব্যে। ফেডেরারের যেমন ফোরহ্যান্ড, সার্বিয়ার টেনিস খেলোয়াড়ের অস্ত্র ব্যাকহ্যান্ড। নাদাল বলেন, ‘আমি ওর ব্যাকহ্যান্ডের সামনে খুব একটা পড়তে চাইতাম না। বিশেষ করে ‘হাই বলে’। কারণ তাহলে ও খুব দ্রুত শট মারতে চাইত। যেটা আমায় প্রতিবার চরম অস্বস্তিতে ফেলেছে। এই কারণে আমি স্লাইস শটকে জোকোভিচের ব্যাকহ্যান্ডের বিরুদ্ধে ব্যবহার করেছিলাম। আসলে ওকে মারার অ্যাঙ্গেল দিলেই মুশকিল। কারণ তখন আঘাত হানবার অনেকখানি সুযোগ পেয়ে যায়, প্রতিপক্ষের কিছু করার থাকে না।’