
শেষ আপডেট: 24 October 2023 19:20
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচের একটা সময় ৩৬ রানে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে কুইন্টন ডি’কক এবং এডেন মার্করাম গড়ে দিলেন শতরানের জুটি। এই জুটি ক্রমেই বড় হচ্ছিল। অবশেষে ১৩৭ বলে গড়া ১৩১ রানের বড় জুটিটি ভাঙলেন টাইগার অধিনায়ক শাকিব আল হাসান।
মার্করাম লংঅনে তুলে মারতে গিয়েছিলেন শাকিবকে। লিটন দাস নেন সহজ ক্যাচটি। ৬৯ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।
তবে ডি’কককে আটকানো যায়নি। এবারের বিশ্বকাপে প্রোটিয়াদের হয়ে পঞ্চম ম্যাচে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মারকুটে এই ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারের যেটি ডি’ককের ২০তম সেঞ্চুরি। ১৪০ বলে ১৭৪ রান করে থেমেছেন প্রোটিয়া তারকা। ডি’ককের ইনিংসে রয়েছে ১৫টি চার ও সাতটি ছয়। তিনি এমন ব্যাটিং করছেন, সেরা ব্যাটারের লড়াইয়ে বিরাট কোহলিকে চাপে ফেলে দিলেন।
প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডি’কক। ২০১১ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটিই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই ক্যাচ দিয়েছিলেন রিজা হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকান ওপেনারকে ক্যাচ দিতে বাধ্য করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু প্রথম স্লিপে দাঁড়ানো তানজিদ হাসান তামিম বলটিকে হাতের তালুতে জমিয়ে রাখতে পারেননি। যার ফলে শুরুতেই ব্রেক থ্রু পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষমেশ দক্ষিণ আফ্রিকা করেছে ৩৮২/৫।