2.png)
নীরজ চোপাড়া ও আরশাদ নাদিম
শেষ আপডেট: 25 April 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিক্সে (Olympics) জোড়া পদক রয়েছে তাঁর। একটি সোনা (Gold) ও একটি রুপো (Silver)। এই কৃতিত্ব আর কোনও ভারতীয় অ্যাথলিটের নেই। পাশাপাশি বিশ্ব খেতাবও রয়েছে এই ভারতীয় জ্যাভলারের (Javlar) ঝুলিতে। এবার সেই সোনার ছেলের দেশপ্রেম (Patriotism)নিয়েই উঠেছে প্রশ্ন।
আসলে নীরজ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। তাঁর নামেই এই প্রতিযোগিতা। বেঙ্গালুরু ‘নীরজ চোপড়া ক্লাসিক’এ (Neeraj Chopra Classic) আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানের (Pakistan) জ্যাভালার আরশাদ নাদিমকে (Arshad Nadeem)। নীরজ নিজেই এই আমন্ত্রণ জানিয়েছেন। এখানেই প্রশ্ন উঠেছে পহেলগাম আবহে কী করে নীরজ পাক জ্যাভলারকে আমন্ত্রণ (Invitation) জানাতে পারেন। যদিও নাদিম বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিলেন তিনি নীরজের আমন্ত্রণ রক্ষা করতে পারছেন না। কারণ সামনেই রয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর তিনি এখন এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রশিক্ষণে ব্যস্ত।
আমন্ত্রণ প্রত্যাখ্যানের বিষয়ে নাদিম বলেন, “এনসি ক্লাসিক ইভেন্টটি ২৪ মে হবে। কিন্তু আমার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ২২ মে কোরিয়া যাওয়ার কথা রয়েছে।”
তবে নাদিমকে আমন্ত্রণ জানিয়ে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন নীরজ। তবে এর জবাব দিয়ে নীরজ সোশ্যাল মিডিয়ায় পাল্টা লিখেছেন, “আরশাদ নাদিমকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এই নিয়ে দেখছি প্রচুর কথা হচ্ছে। যার অধিকাংশই খুব ঘৃণ্য। এ সবের মধ্যে টেনে আনা হয়েছে আমার পরিবারকেও। আমার মার আরশাদ সম্পর্কে একটি মন্তব্যকে কেন্দ্র করে নানা কথা হচ্ছে। শুধু ঘৃণা আর কটূক্তি। একজন ক্রীড়াবিদ হিসাবে নাদিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর বেশি কিছু নয়। আমি চেয়েছিলাম এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বসেরাদের ভারতে আনা। পহেলগাঁও কাণ্ডের আগেই গত সোমবার সবার কাছে আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তার পর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”
পাশাপাশি নীরজ সোশ্যাল মিডিয়ায় উল্লেখ কেরন, “খুব কম কথার মানুষ আমি। তার মানে এই নয় যে, কোনও ভুল দেখলে কথা বলব না। আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তো মুখ খুলবই। আমার কাছে দেশ সব সময় আগে। যে সব মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা নিয়ে গোটা দেশের মতো আমিও শোকাহত এবং ক্ষুব্ধ। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে, আমার দেশ ঠিক এর জবাব দেবে এবং দেশের শক্তি প্রদর্শন করবে।”
দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় মর্মাহত নীরজ লিখেছেন, “দীর্ঘ পরিশ্রম করে বছরের পর বছর ধরে গর্বের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি। সেখানে আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠলে খারাপ লাগে। আর সব থেকে কষ্ট লাগছে এটা ভেবে যে, মানুষকে বোঝাতে হচ্ছে আমি দেশপ্রেমী।”