
শেষ আপডেট: 27 April 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রসগোল্লা নয়, বরং মিষ্টি দইয়ে প্রাণ জুড়োলেন পাঞ্জাব কিংসের ক্রিকেটাররা। শুক্রবার ইডেনে নাইট রাইডার্সকে দুরন্ত ম্যাচ জয়ের পরে উৎসব সারলেন কিংসের ক্রিকেটাররা। গভীর রাতে ইডেন থেকে হোটেলে বেরনোর সময় দেখা যায়, দলের সকলের হাতে মিষ্টি দইয়ের একটা করে ভাঁড়।
ইডেনে যেভাবে বেয়ারস্টো ম্যাচ জিতিয়েছেন, তা এককথায় অকল্পনীয়। এর আগে যশ বাটলার একইভাবে নাইটদের জয়ের গ্রাস কেড়ে নিয়েছিলেন। বাটলার দেখিয়েছিলেন ক্লাসের ফার্স্ট বয়ের ব্যাটিং কেমন হতে পারে।
বাটলার যদি ফার্স্ট বয় দলের একনম্বর তারকা হন, তা হলে জনি বেয়ারস্টো হলেন ক্লাসের সেই ছেলেটা যে সারাবছর না পড়েও স্টেজে এসে বাজিমাত করে চলে যান। সেইভাবেই যেন ইডেন থেকে কলকাতার জয় কেড়ে নিয়েছেন। ধুমধাড়াক্কা ব্যাটিং করে তিনি বুঝিয়েছেন খেলার জন্ম বিলেতেই। ৪৮ বলে ১০৮ রানের ইনিংস খেলে ৩৪ বছরের এই ব্রিটিশ ব্যাটার বুঝিয়েছেন শেষ বল না গেলে এই আইপিএলের খেলার ফলসালা হয় না।
Ajj di raat, ???????????????????????? ???????????? de naa! ????#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #KKRvPBKS pic.twitter.com/OC8WZBZ1tA
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2024
অতিমানবীয় ইনিংস খেলে জয়ের পরে ইডেনে উৎসব শুরু হয়ে যায়। দলের মালকিন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা আসেননি এই ম্যাচে। তাতেও অবশ্য ভাঁটা পড়েনি উৎসব পালনে। আচমকা খেলার পরেই অর্ডার দেওয়া হয় মিষ্টি দই আনার। কলকাতার সেরা দোকান খুলিয়ে কিংস ক্রিকেটারদের জন্য আনা হয় মিষ্টি দই।
এমনিতেই ক্রিকেটারদের সারা বছর ধরে খাবারের বিষয়ে নানা বিধিনিষেধ থাকে। কিন্তু বিশেষ দিনগুলিতে কোনও নিয়মের বালাই থাকে না। কিংস তালিকায় একেবারে নয়ে ছিল। সেই জায়গা থেকে ইডেনে তাদের প্রত্যাবর্তন হয়েছে। সেই উৎসব পালনের জন্য একটু অবাধ্য হয়েছিলেন বেয়ারস্টো, শশাঙ্ক, অর্শদীপ সিংরা।