দ্য ওয়াল ব্যুরো: যতটা সহজে ঘরের মাঠে ইংল্যান্ড সুবিধে নেবে ভেবেছিল, তা হল না। তৃতীয় দিনের শেষে বলা যাবে না, ইংল্যান্ড জিতবেই, অনেককিছুই হতে পারে ম্যাচে। কারণ তেমনই প্রেক্ষাপট বদলে দিতে পেরেছেন ভারতের প্রারম্ভিক ব্যাটসম্যানরা। শুক্রবার লিডসে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২১৫/২। ভারত পিছিয়ে রয়েছে ১৩৯ রানে।
শনিবার টেস্টে নতুনভাবে লড়াই করতে নামতে হবে কোহলিদের। এদিন লোকেশ রাহুল (৮) ছাড়া ভারতের তিন ব্যাটসম্যানই রান পেয়েছেন। ওপেনার রোহিত শর্মা ৫৯ রান করেছেন। উইকেটে রয়েছেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। বহুদিন পরে ফর্মে ফিরলেন পূজারা, তিনি করেছেন অপরাজিত ৯১ রান, কোহলি রয়েছেন ৪৫ রানে।
https://twitter.com/BCCI/status/1431309331467628553
চলতি সফরে পূজারা ফর্মের ধারেকাছে ছিলেন না। শেষ ছয়টি ইনিংসে সর্বোচ্চ রান ছিল ৪৫। লিডসে দ্বিতীয় ইনিংসে দেখা গেল পূজারার সেই পুরনো চেনা ছন্দ। কোহলিও ভাল খেলছেন।
কেএল রাহুল অবশ্য এদিনও ব্যর্থ। ৮ রান করেই আউট হয়ে যান তিনি। তাঁর ক্যাচ যেভাবে বেয়ারস্টো নিয়েছেন, তা বিস্ময়ের ক্যাচ। এরপর আরেক ওপেনার রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধেন পূজারা। টেস্টে ব্যক্তিগত ১৪তম হাফ-সেঞ্চুরি হাঁকান রোহিত। আর লিডস যেন নতুন করে আবিষ্কার করল হারিয়ে যাওয়া চেতেশ্বরকে।
লর্ডসে রুটবাহিনীকে হারিয়ে নজির গড়েছিল টিম কোহলি। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকা সেই দলই চলতি টেস্টে ব্যর্থ হয় প্রথম ইনিংসে। টসে জিতে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠে যায়। মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।
ইংল্যান্ডের দুরন্ত ব্যাটিং ভারতকে আরও চিন্তায় ফেলে দিয়েছিল। টপ অর্ডারে বার্নস, হামিদ, মালানরা দুর্দান্ত খেলেন। আর অধিনায়ক রুট তো একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যান। ১২১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে দলকে বড় রানে পৌঁছে দেন একাই। তারা করেছিল ৪৩২ রান।