
ঋষভ ও প্রীতি জিনটা
শেষ আপডেট: 19 April 2025 18:42
দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থ বড় নাম হতে পারেন। কিন্তু শ্রেয়স আইয়ার বড় পারফর্মার। তাই ওঁকে দলে নেওয়া হয়েছে।
পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার এই বক্তব্য নিয়ে চর্চা জমে উঠলেও তিনি সাফ জানালেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো। তিনি এমন কোনও কথাই নাকি বলেননি।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়ার পর নিলামে ২৭ কোটি টাকায় পন্থকে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। পাশাপাশি দলের অধিনায়কও নির্বাচিত হন তিনি। অন্যদিকে খেতাব জয়ের পরেও কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখেনি। মহা নিলামে অন্যতম খেলোয়াড় হিসেবে তাঁর নাম উঠেছিল। সুযোগ হাতছাড়া করেনি পাঞ্জাব শিবির। আইপিএল ও টি-২০ ফরম্যাটের অভিজ্ঞ খেলোয়াড়কে কিনে নেয় তারা। যার সুফল চলতি আইপিএলে দুর্দান্ত ফর্ম। টেবিলে দু’নম্বর আসন ধরে রাখা।
শ্রেয়স ব্যাটসম্যান হিসেবেও রানের মধ্যে রয়েছেন। আইপিএলে তো বটেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রেয়স। অন্যদিকে টানা অফ ফর্ম চলছে পন্থের। ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামছেন। নেমেও ধীরগতিতে রান তুলছেন। মোট কথায়, পরিচিত মেজাজে ধরা দেননি ঋষভ।
এই নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সেই সূত্রে প্রীতি জিন্টার একটি মন্তব্য বাইরে ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয় প্রীতি নাকি বলেছেন, ‘আমাদের হাতে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার—দুটি অপশন ছিল। দুজনকেই দলে নিতেই পারতাম। কিন্তু আমরা বড় পারফর্মার চেয়েছিলাম, বড় মুখ নয়। তাই শ্রেয়সকে কিনে নিই।‘
যদিও এই কথাটি ভাইরাল হতে না হতেই পাঞ্জাবের মালকিন এক্স-হ্যান্ডেলে জানান, ‘আমি দুঃখিত। কিন্তু এটা ভুয়ো খবর।‘
উল্লেখ্য, গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দৃশ্যতই উচ্ছ্বসিত যুজবেন্দ্র চাহাল। ২ উইকেট নেওয়ার পাশাপাশি আরসিবির রানও বেঁধে রাখেন তিনি। লড়াই জিতে লেগ স্পিনার বলেন, ‘আগে আমরা জেতা ম্যাচ হেরে আসতাম। এখন হারা ম্যাচ জিতে ফিরছি।‘ এই কথার সূত্র ধরেই প্রীতি জিন্টা বলেন, ‘একেবারেই তাই! আমিও এই নিয়ে খুব খুশি।‘