
শেষ আপডেট: 19 June 2018 17:15
দ্য ওয়াল ব্যুরো: পোল্যান্ড বনাম সেনেগাল ম্যাচে সবার নজর ছিল লেওয়ানডস্কি ও সাদিও মানের দিকে। লেওয়ানডস্কিকে কার্যত বোতলবন্দি করার রাখল সেনেগাল ডিফেন্স। অন্যদিকে সাদিও মানের নেতৃত্বে সেনেগাল পোল্যান্ডকে হারাল ২-১ গোলে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক শুরু করে। কিন্তু বেশি তাগিদ ছিল আফ্রিকার দেশটির। তাঁদের গতির কাছে পেরে উঠছিল না পোল্যান্ড। কিছুটা পেছন থেকে খেলে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন সাদিও মানে। ৩৮ মিনিটের মাথায় ইদ্রিস গানার গোলমুখী শট চিয়নিকের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। ১-০ এগিয়ে যায় সেনেগাল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লেওয়ানডস্কির ফ্রিকিক দারুন বাঁচান সেনেগাল গোলকিপার। ৬০ মিনিটের মাথায় ক্রাইচভিয়াকের ব্যাকপাস ধরে গোলকিপার সেসনিকে পরাস্ত করে দ্বিতীয় গোল করেন নিয়াং। ৮৬ মিনিটের মাথায় ফ্রিকিকে মাথা ছুঁইয়ে ব্যবধান কমান ক্রাইচভিয়াক।
গোটা ম্যাচে লেওয়ানডস্কিকে সুযোগ দেয়নি সেনেগাল ডিফেন্স। সেনেগালের গতির মোকাবিলা করতে পারেনি পোল্যান্ড। এই জয়ের ফলে রাশিয়া বিশ্বকাপে ঘটল আরও এক অঘটন। চলতি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল আফ্রিকার কোনও দেশ।