
শেষ আপডেট: 31 October 2023 14:35
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি মোট আটবার ব্যালন ডি’অর জয়ের দিনে আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে।
ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া শুরু হয়েছে ১৯৫৬ সালে। তারপর থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। একমাত্র ২০২০ সালে করোনার কারণে বিশ্বব্যাপী খেলা বন্ধ থাকার কারণে এই সম্মান দেওয়া বন্ধ ছিল।
১৯৫৬ সাল থেকে শুরু করে এবার পর্যন্ত মোট ৬৭বার এই পুরস্কার দেওয়া হয়েছে। লিওনেল মেসিই একাই জিতেছেন আটবার। মেসি যেমন ফুটবলার হিসেবে সবার উপরে, দেশ হিসেবে আর্জেন্টিনাও সবার উপরে। লাতিন আমেরিকার এ দেশে আটবার ব্যালন ডি’অর গেছে। ব্রাজিল দল হিসেবে জিতেছে চারবার।
আর্জেন্টিনা কিংবা ব্রাজিল ব্যালন ডি’অর একাধিকবার জিতলেও পেলে কিংবা দিয়েগো মারাদোনা একবারও এই সম্মান পাননি। কারণটা কী?
১৯৫৬ সালে শুরু হওয়া ব্যালন ডি’অর পুরস্কারের প্রথমটি পেয়েছিলেন স্ট্যানলি ম্যাথুজ। মূলত সেইসময় এই পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধ ছিল। অন্য দেশের কোনও খেলোয়াড় ইউরোপে খেললেও তাঁদেরকে এ পুরস্কারের জন্য বিবেচনা করা হতো না। মেসি যেমন লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে ইউরোপে খেলেছেন। তিনি ওই দেশের নাগরিকত্ব নিয়েছিলেন বলে তাঁর নাম পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিল।
পেলে ১৯৫০ সাল থেকে ক্লাব ফুটবল খেলা শুরু করেন। পরের বছরই জাতীয় দলে অভিষেক। তাঁর ফুটবল জীবনের প্রায় পুরোটা সময় ব্রাজিলের স্যান্টোসে খেলেছেন। তাই তাঁর নাম ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হয়নি।
মারাদোনার ফুটবল জীবন শুরু ১৯৭৬ সালে। ১৯৮২ সালে তিনি স্পেনের বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। ১৯৯১ সালে নাপোলিতে খেলে বড় ক্লাবে খেলার ইতি টানেন। মারাদোনারও ব্যালন ডি’অর জয়ের সুযোগ ছিল না।
১৯৯৫ সাল থেকে এই পুরস্কারের ক্ষেত্রে মাপকাঠির বদল হয়। বিশ্বের যে কোনও মহাদেশের ফুটবলার এই পুরস্কারের জন্য গন্য হতে পারেন, তাই লাতিন আমেরিকার ফুটবলাররাও এই পুরস্কারের মনোনয়ন তালিকায় আসছেন।