
শেষ আপডেট: 9 February 2024 23:05
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট খেলাই হয় নয়া নজির গড়ার জন্য। প্রতিদিন কিছু না কিছু নতুন রেকর্ড হয়ে থাকে। শুক্রবারই যেমন আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা দ্রুততম ডাবল সেঞ্চুরির মাইলফলক গড়লেন।
ভেঙে গেল ভারতের বীরেন্দ্র সেওয়াগ ও ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের আগের গড়া রেকর্ড। নিশাঙ্কা ওপেনিংয়ে নেমে একদম শেষ পর্যন্ত অপরাজিত থাকার কীর্তিও গড়েছেন। ১৩৯ বলে তাঁর ২১০ রানের মহাকাব্যিক ইনিংসটিতে রয়েছে ২০টি চার ও ৮টি বাউন্ডারি।
শ্রীলঙ্কার ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নিশাঙ্কা। এই ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করা বিশ্বের দশম ব্যাটার তিনি।
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির ঘটনা রয়েছে মোট ১২টি। এর মধ্যে ভারতের রোহিত শর্মা একাই হাঁকিয়েছেন তিনটি। টপকে গেলেন ক্রিস গেইল, বীরেন্দ্র সেওয়াগকে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১৪০ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন নজফগড়ের নবাব। ২০১৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ‘ইউনিভার্স বস’।
নিশাঙ্কার চোখ ধাঁধানো ইনিংসে ভর করে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৩৮১ রানের পাহাড় গড়েছে লঙ্কানরা। আভিষ্কা ফার্নান্ডোর সঙ্গে ওপেনিং জুটিতেই ১৮২ রান তুলে দেন নিশাঙ্কা।