
শেষ আপডেট: 29 November 2023 16:58
দ্য ওয়াল ব্যুরো: ভারত থেকে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ায় ফিরেছেন প্যাট কামিন্স। নিজের দেশে তেমন অভ্যর্থনা পাননি বিশ্বজয়ী অধিনায়ক। সেখানে দেখা গিয়েছে বিমানবন্দর থেকে কামিন্স বেরচ্ছেন একাকী। কেউ কোথাও নেই, তিনি নিজেই লাগেজ টেনে বেরলেন।
কামিন্স নিজেও বলেছেন, ভারতকে হারানোর কারণেই তাঁদের নিয়ে সেরকম উচ্ছ্বাস দেখা যায়নি। রোহিতের দল টানা দশ ম্যাচ জিতেছিল। সেই পরিস্থিতিতে তাঁরা ফাইনালে হেরে যেতে পারে, সেটি ভাবা যায়নি।
আরও একটি কারণ রয়েছে, সেটি মনে করছেন কামিন্স নিজেও। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তিনি মা মারিয়াকে হারিয়েছিলেন ব্রেস্ট ক্যানসারে। সেই নিয়ে একটা ভাল না লাগা তাঁর ছিলই। সেই হিসেবে তিনি জিতে ফিরলেও তাঁর মন মেজাজ কেমন থাকবে, সেটি ভেবেই অস্ট্রেলীয়রা সন্দিহান ছিলেন।
Pat Cummins talking about his mother.
— Johns. (@CricCrazyJohns) November 29, 2023
- A heart touching video, he made his mother proud in the final. ????pic.twitter.com/5l4Bmgmmf4
কামিন্স দেশে ফিরে সংবাদসংস্থা এপিকে বলেছেন, বিশ্বকাপে খেলার প্রতিটি দিনে আমি মা-কে মনে করেছি। মনে হতো, মা আমার পাশেই রয়েছেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সম্প্রতি এক্স হ্যান্ডলে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। সেখানে এক সঞ্চালকের প্রশ্নে বিশ্বজয়ী অজি অধিনায়ক বলেছেন, ‘ক্রিকেট চিরকাল আমাদের পরিবারে সবসময় অগ্রাধিকার পেয়ে এসেছে। আমার বাবা ও মা দু’জনেই আমাকে ক্রিকেটার হওয়ার জন্য উৎসাহ দিয়ে গিয়েছেন। বিশেষ করে মায়ের কথা বলতে চাই। তিনি খেলার মাঠেও আমাকে হাত ধরে নিয়ে যেতেন। ভাল খেললে বাহবা দিয়েছেন। মা হলেন আমার জীবনের বড় প্রেরণা।’
কামিন্স মনে করছেন, বিশ্বকাপ জয়ের দিন মা তাঁর পাশে ছিলেন। কারণ মা সবসময় চেয়েছিলেন আমি বিশ্বসেরা হই। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে।