
হেজেলউড-কামিন্স
শেষ আপডেট: 6 February 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো: প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচ মার্শ ও মার্কাস স্টোইনিস। পরপর চার ধাক্কা। প্রথম তিনজন চোটের জন্য বাদ পড়েছেন। আর স্টোইনিস দলে সুযোগ পেয়েও আজ অপ্রত্যাশিতভাবে একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আতান্তরে পড়েছে টিম অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, বর্ডার-গাভাসকার ট্রফিতে শুধু বুমরাহ চোট পাননি। অস্ট্রেলিয়া শিবিরকেও আঘাতের ধাক্কা সামলাতে হয়। যার জেরে কামিন্স বাদ পড়েন। শ্রীলঙ্কা সফরেও তিনি কামব্যাক করতে পারেননি। আর এখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও সরে গেলেন। অধিনায়ক কামিন্সের জায়গায় দলকে নেতৃত্ব কে দেবেন, সে বিষয়েও তৈরি হয়েছে সংশয়। দুটো নাম ভেসে উঠেছে। একজন ট্র্যাভিস হেড। অন্যজন স্টিভ স্মিথ। স্মিথ আবার শ্রীলঙ্কা সিরিজের নেতা নির্বাচিত হয়েছেন। ফলে রেসে তিনিই এগিয়ে। মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও এই মুহূর্তে চার জনের বিকল্প পেতে অসুবিধা হবে না বলে দাবি করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে প্যাট, জস এবং মিচ চোটের সঙ্গে লড়ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে তাঁদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। দুঃখজনক হলেও উল্টোদিকে এটা অন্যান্য খেলোয়াড়ের কাছে সুবর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।‘