
ওয়াসিম আক্রাম
শেষ আপডেট: 10 June 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: ভারতের কাছে জেতা ম্যাচ হারের পরে সমালোচনায় ক্ষতবিক্ষত হচ্ছেন পাক ক্রিকেটাররা। ওয়াসিম আক্রাম আমেরিকাতেই রয়েছেন ধারাভাষ্য দেওয়ার কাজে। তিনি ম্যাচ শেষে জানিয়েছেন, পাক দলের ক্রিকেটাররা ভাল করেই জানে বিশ্বকাপে ব্যর্থতার পরেও তারা দলে থেকে যাবে। সব দোষ ঘাড়ে চাপবে কোচের, এটাই নিয়ম হয়ে আসছে বরাবর।
পাক দলের প্রাক্তন তারকার ব্যাখ্যা, পাকিস্তান দলে ব্যর্থতার পরে দুটি ক্ষেত্রে দ্রুত বদল হয়। এক, দলের অধিনায়ককে সরিয়ে দেওয়া হয়, আর কোচকে তাড়ানো হয়, বাকি সিস্টেমের কোনও বদল ঘটে না।
আক্রামের ব্যাখ্যা, রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে দলের ছেলেদের দেখে হতাশ লেগেছে। ওরা সবদিক থেকে ব্যর্থ হয়েছে। আমার তো মনে হয় বিশ্বকাপে না খেলে ওরা দেশে গিয়ে বরং বিশ্রাম নিক। শুধু আক্রাম নন, পাশাপাশি তাঁর একসময়ের সতীর্থ ওয়াকার ইউনিসও জানিয়েছেন, ‘‘ভারতের ব্যাটিং ভাল হয়নি। ওই পিচে ভাল খেলা সম্ভবও ছিল না। কিন্তু তারা বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের প্রমাণ করেছে। কিন্তু ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাক ব্যাটাররা যা খেলেছে, তা আমার দেখা অত্যন্ত অপেশাদারী মানসিকতার পরিচয়। আমার তো মনই ভেঙে গিয়েছে এই দলের ভবিষ্যৎ কী হবে সেটি ভেবে।’’
আক্রাম এবং ওয়াকার দু’জনেই পাক দলের হারে সিনিয়র তারকা মহম্মদ রিজওয়ানকে দোষ দিয়েছেন। তাঁদের মতে, ‘‘রিজওয়ান সেইসময় ভাল খেলছিল, দরকার ছিল একটা ভাল জুটি। ক্রিজে লিড করা দরকার ছিল রিজওয়ানের, সেটি তো করতে পারলই না, পাশাপাশি নিজে আউট হয়ে বাকিদের কাজটি কঠিন করে দিয়েছে।’’
পাক দলের এমএস ধোনি হলেন ইফতিকার, তিনি কঠিন পরিস্থিতিতে ম্যাচ বের করার ক্ষমতা রাখেন। কিন্তু রবিবার ম্যাচে সেই ইফতিকারও বিশ্রীভাবে দলকে ডুবিয়েছেন। সেই প্রসঙ্গে পাক দলের দুই প্রাক্তন তারকার মত, পুরো দলটাই ব্যর্থ। একটা দলের আত্মবিশ্বাস কী পর্যায়ে থাকলে এরকম হার হতে পারে, সেটাই মনে করিয়ে দিয়েছেন আক্রাম।