.jpg)
ভুল সংশোধন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড
শেষ আপডেট: 19 February 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ব্যাপক বিতর্কের মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলের পতাকা দেখতে পাওয়া গেলেও, সেখানে ছিল না ভারতের তেরঙা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এই ভিডিওটি ছিল করাচি স্টেডিয়ামের। ভিডিওয় স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলের পতাকা থাকলেও, সেখানে ছিল না কোনও ভারতের পতাকা। এই দৃশ্য ভাইরাল হতেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে বুঝতে পেরেছে যে তারা কত বড় ভুল করেছে। আর সেকারণেই তড়িঘড়ি সেই ভুল তারা শুধরে নিয়েছে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তান করছে। কিন্তু, টিম ইন্ডিয়া এই টুর্নামেন্ট হাইব্রিড মডেল অনুসারে দুবাইয়ে খেলবে। আসলে, যে দলগুলো পাকিস্তানে খেলবে, শুধুমাত্র সেইসকল দেশেরই পতাকা করাচি স্টেডিয়ামে লাগানো হয়েছিল। ঘটনাটি নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, করাচি স্টেডিয়ামে অন্য দেশগুলোর পাশাপাশি ভারতের পতাকাও উত্তোলন করা হয়েছে। অর্থাৎ যাবতীয় ঝামেলা ধামাচাপা দিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড করাচিতে ভারতের পতাকা উত্তোলন করেছে।
ভারতের পতাকা উত্তোলন না করার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছিল, 'আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের একটাও ম্যাচ পাকিস্তানে খেলতে আসবে না। প্রত্যেকটা ম্যাচই তারা দুবাইয়ে খেলবে। পাকিস্তানের স্টেডিয়ামে শুধুমাত্র সেইসকল দেশের পতাকাই লাগানো হয়েছে, যাঁরা এই দেশে খেলতে আসবে।'
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া আগামী ২০ ফেব্রুয়ারি অভিযান শুরু করবে। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।