দ্য ওয়াল ব্যুরো: শচীন তেণ্ডুলকর, কপিল দেব, লিওনেল মেসির সঙ্গে এক আসনে বসলেন বিরাট কোহলি। দিল্লির 'মাদাম ত্যুসো' মিউজিয়ামে এ বার বসতে চলেছে ভারতের ক্রিকেট দলের অধিনায়কের মোমের মুর্তি।
মুর্তিতে দেখা যাচ্ছে নিজের প্রিয় কভার ড্রাইভ মারছেন কোহলি। এই মুর্তি তৈরির জন্য মিউজিয়াম কর্তৃপক্ষ বিভিন্ন অ্যাঙ্গেলে বিরাটের প্রায় ২০০-র উপর ছবি তুলে নিয়ে গিয়েছিলেন। সেই ছবি দেখেই ২৮ বছরের এই ক্রিকেটারের মুর্তি তৈরি করা হয়েছে।
https://twitter.com/tussaudsdelhi/status/1004244359779311616
নিজের মুর্তির প্রসঙ্গে কোহলি বলেন, এই ধরণের সম্মান পেয়ে তিনি আপ্লুত। মিউজিয়াম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এটা সারা জীবনের জন্য মনে রাখার মত এক অভিজ্ঞতা। এই সম্মানের জন্য নিজের ফ্যান ও ভারতবাসীকে ধন্যবাদ জানান বিরাট। তিনি এখন অপেক্ষা করছেন এই মুর্তি দেখে ফ্যানেদের মধ্যে কীরকমের প্রতিক্রিয়া হয়, তা দেখার জন্য।
এই প্রসঙ্গে মিউজিয়ামের তরফে জানানো হয়, ভারতে ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি সবার এক অন্য ধরণের আগ্রহ আছে। এবং ক্রিকেটারদের মধ্যে কোহলি এখন সবথেকে বড় তারকা। তাঁর ফ্যান সবথেকে বেশি। তাই কোহলির মুর্তি তৈরি করতে পেরে তাঁরা আনন্দিত। তাঁরা আশা করছেন যে ফ্যানেরাও এই মুর্তিকে খুব ভালোভাবে গ্রহণ করবেন।
এখন দেখার কোহলির এই মুর্তি তাঁর খেলার মতোই জনপ্রিয় হয় কি না।