
জোকোভিচ-আলকারাজ
শেষ আপডেট: 22 January 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: লড়াইটা ছিল সাঁইত্রিশ বনাম একুশের। কিংবা বলা যায় সাত বনাম তিনের। যেখানে শেষ হাসি হাসলেন প্রথমজন। আটত্রিশে পা রাখতে চলা চিরতরুণ নোভাক জোকোভিচের (র্যাঙ্কিং ৭) সামনে উড়ে গেলেন কার্লোস আলকারাজ (র্যাঙ্কিং ৩)। এই জয়ের সুবাদে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনালে উঠে গেলেন সার্বিয়ার টেনিস তারকা। ম্যাচের ফল: ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪।
দ্বৈরথের শুরুটা যদিও জোকোভিচের কাছে মোটেও সুখকর ছিল না। একে প্রথম সেটে হার। তার উপর চোট। খোঁড়াতে থাকা জোকোভিচ মেডিক্যাল টাইম আউট চেয়ে নেন। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক করেন তিনি। একসময় ৩-০ স্কোরলাইনে যখন লিড করছিলেন, তখন মনে হচ্ছিল এবার সেট পয়েন্ট পকেটে পোরা স্রেফ সময়ের অপেক্ষা। যদিও তারপরই ঘুরে দাঁড়ান আলকারাজ। পরপর তিনটি গেম পয়েন্ট জিতে নেন। সেটের ফল ৩-৩ হওয়ার পর জোকোভিচকে দেখা যায় পরিচিত মেজাজে। বাকি দুটো সেট স্রেফ একপেশে লড়াই। যার সুবাদে তিন সেট জিতে ম্যাচ পয়েন্ট দখল করেন জোকোভিচ।
এই নিয়ে কেরিয়ারে আটবার মুখোমুখি হলেন দুই তারকা। যার মধ্যে জোকোভিচ পাঁচবার জয়লাভ করলেন। কাল ছিল অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম দ্বৈরথ। যেখানেও শেষ হাসি হাসতে দেখা গেল সার্বিয়ার তারকাকে।
যদিও ম্যাচ জিতে বিজিত আলকারাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সার্বিয়ার ‘জোকার’। আলকারাজের খেলার মেজাজ, ধরন ও কৌশল রাফায়েল নাদালের স্মৃতি উস্কে দেয় বলেও জানিয়েছেন তিনি। দুজনেই স্পেনীয়। একই রকম আক্রমণাত্মক। যাঁদের খেলা দেখতে ভালো লাগে, কিন্তু মুখোমুখি নামার অভিজ্ঞতা সুখকর হয় না। মজার ছলে মন্তব্য করেছেন জোকোভিচ।