
জোকোভিচ
শেষ আপডেট: 24 January 2025 11:26
দ্য ওয়াল ব্যুরো: কার্লোস আলকারাজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে চোট পেয়েছিলেন। আর সেই চোটই কাল হয়ে উঠল নোভাক জোকোভিচের। অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালের প্রথম সেট টাইব্রেকারে হেরে ছাড়লেন কোর্ট। অধরা রয়ে গেল রেকর্ড সংখ্যক ২৫ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন।
এদিন রড লেভার এরিনায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হন নোভাক জোকোভিচ ও আলেকজান্ডার জেরেভ। প্রথম সেটের গোড়া থেকেই ছন্দে ছিলেন না সার্বিয়ার তারকা। বাম পা যে সমস্যার কারণ, সেটা কোর্টে নড়াচড়া দেখেই বোঝা যাচ্ছিল। কোয়ার্টার ফাইনালে কুঁচকিতে চোট পান তিনি। যে কারণে সেমিফাইনালের আগে ট্রেনিংয়েও নামতে পারেননি।
আজ প্রথম সেটের লম্বা র্যালির জেরে বারবার অস্বস্তিতে পড়েন জোকোভিচ। ৮১ মিনিটের সেট গড়ায় টাইব্রেকার পর্যন্ত। একটি সহজ ভলি মারতে গিয়ে আনফোর্সড এরর করে বসেন জোকোভিচ। যার জন্য সেট প্রথম সেটই খুইয়ে বসেন। এরপর আর দ্বিতীয় সেটের প্রস্তুতি না নিয়ে প্রতিপক্ষ জেরেভের দিকে এগিয়ে গিয়ে করমর্দন করে আম্পায়ারকে ম্যাচ ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি।
জোকোভিচ সরে যাওয়ায় এক সেট জিতেই ফাইনালে পৌঁছে গেলেন আলেকজান্ডার জেরেভ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবেন বেন শেলটন ও ইয়ানিক সিনার। তাঁদের মধ্যে যিনি জিতবেন, তিনি ফাইনালে জেরেভের বিরুদ্ধে কোর্টে নামবেন।