
শেষ আপডেট: 14 November 2023 14:42
দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে উঠতি ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি আলোচিত নাম নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র! বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু প্রথম ম্যাচে কেন উইলিয়ামসন না খেলায় রাচীনের ভাগ্যে শিকে ছেঁড়ে। সুযোগ পেতেই বাজিমাত করছেন তিনি।
ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের ক্রিকেট খেলা নিয়ে আলোচনাকেও ছাপিয়ে গিয়েছিল তাঁর এমন নামের রহস্য! অনেকেই দাবি করেন, দুই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের নামের সঙ্গে মিলিয়েই কিউয়ি তারকার নাম রাখা হয়েছে রাচীন! কিন্তু অবশেষে সেই নামের পিছনে আসল কারণ, সামনে এল। সেই রহস্য ফাঁস করলেন খোদ রাচীনের বাবা।
রাচীনের পরিবার এখনও ভারতের বেঙ্গালুরুতেই থাকে। তবে কর্মসূত্রে রাচীনের বাবা রবি কৃষ্ণমূর্তি, স্ত্রী দীপাকে নিয়ে পাড়ি দেন নিউজিল্যান্ড। সেখানেই জন্ম হয় কিউয়ি তারকার। রবি কৃষ্ণমূর্তির কথায়, 'ছেলের নাম কী রাখা হবে তা নিয়ে বিশেষ আলোচনা করিনি আমরা। ছেলের জন্মের সময়ই আমার স্ত্রী নামটা বলে। শুনতেও ভাল লাগে, উচ্চারণ করতেও সহজ। তাই বেশি ভাবনাচিন্তা না করেই রাচীন নাম রাখা হয়।'
সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রবি বলেন, 'কয়েকবছর পর বুঝতে পারি ছেলের নামের সঙ্গে শচীন তেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের নামের মিল আছে। আমাদের মাথাতে ছিল না, ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে। তাই শচীন ও রাহুলের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখার বিষয়টা একদমই ঠিক নয়। রাচীন নিজের মতো জীবনে উন্নতি করুক, বাবা-মা হিসেবে আমরা এটাই চেয়েছিলাম।'
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি শতরান করে ফেলেছেন রাচীন। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন তিনি। সেই সেঞ্চুরির সুবাদে আলোচনার আলোয় চলে আসেন কিউয়ি তারকা। তারপর প্রতি ম্যাচেই স্কোরবোর্ডে রান করে গেছেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি যে মনেপ্রাণে কিউয়ি, তা বারবার বলেছেন রাচীন। এখন দেখার বুধবার ওয়াংখেড়েতে কেমন খেলেন তিনি।