
ফাইল চিত্র
শেষ আপডেট: 21 March 2025 18:04
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশ হাত তুলে নিয়েছে। তাই ৬ এপ্রিল ইডেনে কলকাতা বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ আয়োজিত হবে না। হয় অন্য দিনে ইডেনেই অনুষ্ঠিত হবে। নয়তো দিন অপরিবর্তিত রেখে ভেন্যু পালটে দেওয়া হবে।
গত কয়েক দিন ধরে সিএবির তরফে জারি করা এই দুই তত্ত্বই হাওয়া ভাসছিল। গতকাল চাউর হয়ে যায়, ৬ তারিখের ম্যাচের দিনক্ষণ বদলাচ্ছে না। কিন্তু জায়গা সরে যাচ্ছে। কলকাতার বদলে ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটিতে।
আজ আবার পালটি খেয়ে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি জানান, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ভেন্যু কিংবা তারিখ—যাই বদলাক না কেন, বিসিসিআইয়ের অনুমোদন ছাড়া কোনও কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এর পাশাপাশি সিএবি আগাগোড়া বলে চলে, কলকাতা পুলিশ রামনবমীর শোভাযাত্রা সামাল দিতে ব্যস্ত থাকবে বলেই নাকি ৬ এপ্রিলের ম্যাচ আয়োজনের বিষয়ে দায়িত্ব নিতে চাইছে না।
যদিও গোটা ঘটনায় সিএবির ঘাড়েই সমস্ত দায় ঠেলেছে কলকাতা পুলিশ। জয়েন্ট সিপি (হেড কোয়ার্টার) মিরাজ খালিদের বক্তব্য, তাঁরা ম্যাচের দিনক্ষণ বদলানো নিয়ে সিএবিকে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।
এবার আরও কঠোর অবস্থান নিয়ে কলকাতা পুলিশ জানিয়ে দিল, তাদের তরফ থেকে ম্যাচ আয়োজনে কোনও সমস্যা নেই। আইপিএল ম্যাচ পুনর্বিন্যস্ত করা সংক্রান্ত যে সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সবই অসত্য, ভুয়ো। তাদের ফেসবুক পেজে কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়ে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়, ‘কলকাতা পুলিশ সমস্ত নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সমস্ত বিভাগের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে জনগণের সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই।‘
এই ঘোষণার পর বল এবার চলে গেল সিএবি’র কোর্টে। এতদিন ৬৫ হাজার দর্শক মোকাবিলা করতে পারবে না কলকাতা পুলিশ, তার কারণ রামনবমীর মিছিল সামলাতে ব্যস্ত থাকবে তারা—বাংলার ক্রিকেট সংস্থা এতদিন ধরে এই যুক্তিই খাড়া করে আসছিল। এবার কলকাতা পুলিশ সবদিক দিয়ে প্রস্তুত বলার পর প্রশ্ন উঠতে শুরু করবে—এবার কী? ৬ এপ্রিলের ম্যাচ কি তাহলে আগের মতো ইডেনেই আয়োজিত হবে? জবাব দেওয়ার দায় সিএবির।