
শেষ আপডেট: 22 November 2023 17:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতে হলে ভাবাই যেত না। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মাথায় করে ঘরে দিয়ে আসতেন সমর্থকরা। দেশের ক্রিকেটাররা আগামী তিন মাস যেখানে যেতেন, তাঁদের পিছু নিতেন অনুরাগীরা। সবসময় আলোকচিত্রীদের ভিড় লেগে থাকত।
অথচ বিশ্বকাপ জিতে ফিরে অস্ট্রেলিয়া প্যাট কামিন্স কোনও সংবর্ধনাও পেলেন না। তিনি মেলবোর্ন বিমানবন্দরে ফেরার পরে দেখা গিয়েছে, কেউ কোথাও নেই। এক বিমানবন্দরের শীর্ষ আধিকারিক এসে কামিন্সের সঙ্গে হাত মিলিয়ে যান। কেউ একজন এসেও একটা ফুল পর্যন্ত দেননি।
কামিন্সকে দেখা যায় বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্রের পাশ দিয়ে তিনি নিজেই হেঁটে চলেছেন। নিজেই লাগেজ টানছেন সদ্য বিশ্বজয়ী অধিনায়ক। অস্ট্রেলিয়া অধিনায়ক যখন পৌঁছলেন, সেইসময় কিছু আলোকচিত্রী ছিলেন। তাঁরা ফটো তুলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের।
বিশ্বকাপ জিতেও কামিন্স পেলেন না সংবর্ধনা, নিজেই টানলেন লাগেজ#TheWallBangla #PatCummins #australia #worldcup2023 pic.twitter.com/X2rvaMMUbi
— The Wall (@TheWallTweets) November 22, 2023
অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ জয় যেন জলভাত হয়ে গিয়েছে। তারা মোট নয়বার ফাইনালে উঠে ছ’বার বিশ্বসেরা হয়েছে। কামিন্সও বলেছেন, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হতেই মাঠে নামে। ভারতের মাঠে তাদের এই বিশ্বজয় সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। যে দলটি এতটা একাধিপত্য দেখাতে পারে বিশ্বজয়ের ক্ষেত্রে, সেই কারণেই কি তাঁদের দেশের মানুষদের এতটা উৎসাহহীনতা দলনায়ক দেশে ফেরার পরেও!
কামিন্সের যে বিষয়টি সকলের ভাল লেগেছে, সেটি হল দলের ভারতীয় স্টাফদের স্বীকৃতি দেওয়া। তাঁদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেছেন অজি অধিনায়ক। এমনকী তাঁদের সঙ্গে খেলা শেষে ছবিও তুলেছেন তিনি।