দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়া সফর থেকে ভারতীয় দলকে কড়া অনুশাসনে বাঁধতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা জানিয়ে দিয়েছে, দুবাই থেকে সরাসরি আইপিএল খেলে চলে যেতে হবে অস্ট্রেলিয়ায়। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দল চারটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং তিনটি টোয়েন্টি ২০ ম্যাচ খেলবে।
সেই সফরে ভারতীয় দলের সঙ্গে স্ত্রী, কিংবা সন্তানরা যেতে পারবেন না। সেটিও পরিষ্কার করে বোর্ড জানিয়ে দেবে দু’একদিনের মধ্যেই। চলতি আইপিএলেও বলা হয়েছিল স্ত্রীদের আনা যাবে না, তারপর অবশ্য নিয়ম শিথিল করা হয়েছে। সেই কারণে বিদেশী ক্রিকেটাররাও স্ত্রীদের সঙ্গে করে নিয়ে এসেছেন।
এমনকি সন্তানসম্ভবা অবস্থায় আরবে উড়ে গিয়েছেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। সব থেকে তাৎপর্য্যের বিষয় হল, এই সফরের জন্য ভারতীয় বোর্ড মোট ৩২ জন ক্রিকেটারকে নির্বাচিত করবে। ভারতের তিনটি দলে অবশ্য অনেক বদল রয়েছে। সেই কারণেই একেবারে ৩২ জন ক্রিকেটারকে নিয়েই রওনা দিতে হবে।
অস্ট্রেলিয়াতেও জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই সিরিজ হবে। সেই কারণে করোনা মহামারী রুখতে ওই সিস্টেমের মধ্যে থাকতে হবে সকল ক্রিকেটারকে। বোর্ড দেখছে যে ৩২ জন ক্রিকেটারের সঙ্গে যদি স্ত্রী ও সন্তানদের অনুমতি দেওয়া হয়, তা হলে বিপুল পরিমান খরচ হবে বোর্ডের। এবং তাতে অনেক সমস্যাও রয়েছে। সেই জন্যই কোহলির সঙ্গে স্ত্রী অনুষ্কা ও রোহিত শর্মার সঙ্গে তাঁর স্ত্রী ঋতিকা সাজদাও যেতে পারবেন না।
বিসিসিআই এও ভেবে রেখেছে যে সমস্ত ক্রিকেটার আইপিএলে নেই, অথচ তাঁরা ভারতীয় দলে রয়েছেন, সেই চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীদের আরবে চলে আসতে হবে আগেই। তাঁদের জন্য একটি প্র্যাকটিস ম্যাচেরও ব্যবস্থা করবে বোর্ড। সভাপতি সৌরভ যা আভাস দিয়েছেন, সেক্ষেত্রে ৩২ জনের দল গঠন হবে আইপিএলের ম্যাচ দেখেই। তার মানে কোটিপতি লিগের পারফরম্যান্সও দূরবীক্ষণে থাকবে অস্ট্রেলিয়া সফরে দল বাছাইয়ের জন্য।
ভারতীয় ক্রিকেটাররা দুবাই থেকে অ্স্ট্রেলিয়া সফরে রওনা দিলেও এম এস ধোনি পরিবার নিয়ে দুবাইতে থেকে যাবেন কয়েকদিন। তাঁরা আরবে ছুটি কাটিয়ে দেশে ফিরে আসবেন নভেম্বরের মাঝামাঝি সময়ে।