দ্য ওয়াল ব্যুরো: আরও এক মাইলফলক ছুঁয়ে ফেললেন রিল্যায়ান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও কর্ণধার নীতা আম্বানি। ২০১৬ সালে ফোর্বসের তালিকায় বিশ্বের সেরা ৫০ শিল্পপতি মহিলার তালিকায় সেরার স্থানে ছিলেন মুকেশ-ঘরনী। চলতি বছর ক্রীড়া জগতে দশ জন প্রভাবশালী মহিলার তালিকায় জায়গা করে নিয়েছেন নীতা।
স্পোর্টস বিজনেস নেটওয়ার্ক আইস্পোর্টকানেক্ট ২০২০ সালে ক্রীড়া জগতের সবচেয়ে প্রভাবশালী মহিলাদের তালিকা সামনে এনেছে। প্রথমে ২৫ জনের তালিকা বানানো হয়েছিল, পরে প্যানেল বিশেষজ্ঞরা এই ২৫ জনের মধ্যে থেকে সেরা দশ বেছে নেন।
আইস্পোর্টকানেক্টের তরফে জানানো হয়েছে, ‘‘শিল্পপতি হিসেবেই নয় খেলাধূলার দুনিয়ায় নীতা আম্বানি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। আইপিএলের ইতিহাসে সফলতম টিম হিসেবে উঠে এসেছে নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ানস। তাছাড়াও ক্রীড়া জগতের অনেক ইভেন্ট এবং প্রজেক্টের সঙ্গেও যুক্ত তিনি। নিজেকে সফল হিসেবে প্রমাণ করেছেন।’’
প্রতি বছরই ক্রীড়া জগতে প্রভাবশালী মহিলাদের তালিকা সামনে আনে আইস্পোর্টকানেক্ট। এই বছর প্যানেল বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন গ্লোবাল সেলসের প্রধান আন্না লকহুড, ওয়াই স্পোর্টের ম্যানেজিং পার্টনার এবং ওমেন ইন স্পোর্টসের প্রাক্তন চেয়ারপার্সন স্যালি হ্যানকক, আইসিসি-র মিডিয়া রাইটসের প্রাক্তন প্রধান আরতি দেবদাস এবং আইস্পোর্টকানেক্টের চিফ একজিকিউটিভ অফিসার শ্রী বর্মা।
নীতা আম্বানি ছাড়াও প্রবাশালী মহিলাদের তালিকায় নজর কেড়েছেন সিমোন বাইলস। বিশ্বের অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনের ২৫টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকের মধ্যে ১৯টি সোনা। তালিকায় জ্বলজ্বল করছেন ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার মেগান রাপিনো। খেলাধূলার দুনিয়ায় শুধু নয়, মেগান অসাধারণ বক্তাও। যে কোনও বিষয়ে নিজের বলিষ্ঠ মতামত রাখতে পারেন তিনি। ক্রীড়া জগতের প্রভাবশালী মহিলাদের তালিকায় তাই মেগান রাপিনোকে নির্বাচন করতে কোনও দ্বিধা করেননি প্যানেল বিশেষজ্ঞরা। টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং নাওমি ওসাকাও রয়েছেন আইস্পোর্টকানেক্টের সেরা দশ প্রভাবশারী মহিলার তালিকায়। তা ছাড়ও যাঁরা নজর কেড়েছেন— ফর্মুলা ১-এর মার্কেটিং এবং কমিউনিকেশন ডিরেক্টর এলি নরম্যান, ওম্যান ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের কমিশনার ক্যাথি এঞ্জেলবার্ট, ফিফা-র সেক্রেটারি জেনারেল ফাটমা সামৌরা, স্পেশাল অলিম্পিকসের সিইও মেরি ডেভিস এবং ওমেন’স ক্রিকেট (ইসিবি)-র ম্যানেজিং ডিরেক্টর ক্লেয়ার কোন্নর।