দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই টোকিও প্যারালিম্পিকে রুপো পেয়েছিলেন টেবল টেনিসে ভাবিনা প্যাটেল। এবার হাই জাম্পে রুপোই আনলেন নিষাদ কুমার। একই দিনে দুটি পদক প্রাপ্তি ঘটল দেশের।
দেশকে রুপো এনে দেওয়াই শুধু নয়, এশিয়ান রেকর্ডও গড়েছেন নিষাদ। ২.০৬ মিটার হাই জাম্প দিয়ে টি ৪৭ ইভেন্টে এই রেকর্ড গড়েন তিনি। ভারতের আরও এক প্যারালিম্পয়ান রাম পাল শেষ করেন পাঁচ নম্বরে।
https://twitter.com/Tokyo2020hi/status/1431949187998965760
এই ইভেন্টে সোনা জেতেন আমেরিকার রডরিক টাউনসেন্ড। তিনি লাফিয়েছেন ২.১৫ মিটার। তৃতীয় হয়েছেন আরও এক আমেরিকান ডালাস ওয়াইস। ডালাস লাফান ২.০২ মিটার। একই ইভেন্টে ভারতের অপর এক অ্যাথলিট রামপাল চাহার ১.৯৪ মিটার লাফিয়ে ব্যর্থ হন।
নিষাদকে সাফল্যের জন্য প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘টোকিও থেকে ফের এল আনন্দের খবর। নিষাদ কুমার টি ৪৭ হাইজাম্পে রুপো জিতেছেন, অভিনন্দন জানাই তাঁকে। একজন দক্ষ, দৃঢ় প্রতিজ্ঞ ক্রীড়াবিদের জয় হল।’’
https://twitter.com/narendramodi/status/1431948849153781760
এর আগে ভাবিনাবেন প্যাটেল ভারতকে চলতি টোকিও প্যারালিম্পিক্স থেকে প্রথম পদক এনে দিয়েছেন। তিনি মেয়েদের টেবিল টেনিসে রুপো জিতে গর্বিত করেন দেশকে।
https://twitter.com/ianuragthakur/status/1431964460621565954
অপরদিকে প্যারালিম্পিকে ভারতকে তৃতীয় পদক এনে দিয়েছেন ডিসকাস থ্রো ইভেন্টে ৪২ বছরের বিনোদ কুমার, তিনি ১৯.৯১ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন। এই খবর জানিয়ে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আজ জাতীয় ক্রীড়া দিবসকে স্মরণীয় করে রাখলেন আমাদের দেশের অ্যাথলিটরা। বিনোদকেও অভিনন্দন দেশকে পদক এনে দেওয়ার জন্য। বিনোদ এই পারফরম্যান্স করে নয়া এশিয়ান রেকর্ডও গড়লেন।