
নিশাদ কুমার
শেষ আপডেট: 2 September 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ঝুলিতে সাত নম্বর পদক। পুরুষদের হাই জাম্পের টি৪৭ ইভেন্টে রুপো জিতলেন নিশাদ কুমার। তিন বছর আগে একই ইভেন্টে টোকিয়ো প্যারালিম্পিক্সেও রুপো জেতেন নিশাদ। ২.০৮ মিটার লাফিয়েছেন তিনি।
সেই ২০০৯ সাল থেকে হাই জাম্প শুরু করেন নিশাদ। তার পর থেকে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছেন। এবছরের প্যারালিম্পিক্সের সফর শুরু হওয়ার আগে নিশাদ জানিয়েছিলেন, এবার তাঁর লক্ষ্য সোনা। কিন্তু এবারও তাঁর সামনে বাধা হয়ে দাঁড়ালেন টাইসেন্ড।
গতবার টোকিও প্যারালিম্পিক্সেও এই টাইসেন্ডের কাছে হেরে গিয়েছিলেন নিশাদ। তবে আশা হারাচ্ছেন না তিনি। এখন পাখির চোখ ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসের প্যারালিম্পিক্স। সেখানে সোনা জেতার লক্ষ্যে আজ থেকেই দৃঢ়প্রতিজ্ঞ তিনি।
নিশাদের যখন ছ'বছর বয়স, তখন ঘাস কাটার মেশিনে হাত ঢুকে যায়। ডান হাত হারান নিশাদ। তারপর থেকে এক হাতই নিশাদের সব। প্রতিবন্ধকতাকে আমল না দিয়ে এগিয়ে গেছেন ২৪ বছরের তরুণ। প্রেরণা তাঁর মা। তিনিও রাজ্য স্তরে ভলিবল ও ডিসকাস খেলতেন। তাঁরই উৎসাহে ছোট থেকে এক হাতেই খেলাধুলো শুরু নিশাদের।