দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পরেও নেমারের অভিনয়ের চর্চা চলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ব্রাজিল তারকার এই প্লে-অ্যাক্টিং এ বার স্থান পেল বিজ্ঞাপনে।
নামী এক সেভিং কোম্পানির স্পনসর করা 'এ নিউ ম্যান এভরি ডে' নামের বিজ্ঞাপনে ভিডিওটা শুরু হচ্ছে কিছুটা এরকম৷ সবুজ ঘাসে আছড়ে পড়ছেন নেমার৷ কখনও বা কড়া ট্যাকেলে ছটফট করছেন তারকা স্ট্রাইকার৷ এরপর সাব টাইটেলে ইংলিশ হরফে ফুটে উঠছে মূল বক্তব্য৷ যেখানে বলা হচ্ছে একের পর একে আক্রমণ ধেয়ে এসেছে নেমারের দিকে আর তাতে তিনি পড়ে গিয়েছিলেন৷ দেখে মনে হবে কেউ নাটক করছে৷ বাস্তবে সত্যিই একটু বেশি রিঅ্যাক্ট করা হয়ে গিয়েছে৷
https://www.youtube.com/watch?v=lJRjk0SGcqQ
তবে প্লে অ্যাক্টিং করে ছাড় পাননি নেমার৷ এর জন্য তাঁকে ভুগতেও হয়েছে বলেছেন সেলেকাও তারকা৷ বিশ্বজুড়ে এই প্লে অ্যাক্টিংয়ের সমালোচনায় বিধ্বস্ত হয়েছেন নেমার৷ কিন্তু তিনি এতদিন কিছু বলেননি, কারণ তিনি নিজেই এই দুঃখ ভুলতে পারছিলেন না। তাই কথা বলার মতো জায়গায় তিনি ছিলেন না বলে জানিয়েছেন নেমার।
তাঁর মধ্যে সবসময় একটা বাচ্চা ছেলে থাকে বলে জানানে সেলেকাওদের ওয়ান্ডার কিড। আর এই বাচ্চাটার স্বপ্ন সফল করার লক্ষ্যেই তিনি মাঠে নামেন। আয়নার দিকে তাকিয়ে নিজেকে নতুন করে ফিরে পেতে চান নেমার৷ সেজন্য ভক্তদের পাশে চাইছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সির মালিক৷ নেমারের নতুন করে ভালো মানুষ হিসেবে ফিরে আসার জন্যই বোধহয় ভিডিওর নাম রাখা হয়েছে ‘এ নিউ ম্যান এভরি ডে’৷