
শেষ আপডেট: 22 January 2024 10:27
দ্য ওয়াল ব্যুরো: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এবার সুপার কাপ ফুটবল জমজমাট। গত ডার্বিতে যা ফুটবল হয়েছে, তা সমর্থকদের আনন্দ দিয়েছে। এবার এই সুপার কাপকে আরও আকর্ষণীয় করতে উদ্যোগ নিচ্ছে ফেডারেশন কর্তারা।
ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে জামশেদপুর ও ইমামি ইস্টবেঙ্গল। এখনও বাকি রয়েছে আরও দুটি দলের ওঠার। তবে চলতি মরশুমের মাঝেই সুপার কাপকে আগামী বছর থেকে নতুন ফরম্যাটে আয়োজিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুপার কাপ নিয়ে ফেডারেশন বৈঠকও করেছে সম্প্রতি। এই বৈঠকে ঠিক হয়েছে, আগামী সুপার কাপে শুধু আইএসএল বা আই লিগের নয়, দ্বিতীয় ডিভিশনেরও বেশকিছু ক্লাবও অংশগ্রহণ করবে। তাদের পরিকাঠামোর দিকে নজর দেওয়া হবে। ঘরোয়া ফুটবলের মান ভাল না করতে পারলে দেশের ফুটবল এগবে না, সেটি বুঝতে পেরেছেন কল্যাণ চৌবেরা।
বাজেট নিয়েও আলোচনা হয়েছে। আদৌ রিলায়েন্স পাশে থাকবে কিনা সেই নিয়েও আগ্রহ ছিল। এবার টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হয়েছে ৯ জানুয়ারিতে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা, যোগ্যতা অর্জন ও গ্রুপ পর্ব মিলিয়ে ১৭। মোট ১৬টি দল খেলেছে গ্রুপ পর্বে। তাদের ভাগ করা হয়েছিল ৪টি গ্রুপে। গ্রুপে ছিল চারটি করে দল। সবকটি গ্রুপ থেকে একটি করে দল যাবে সেমিফাইনালে। ম্যাচগুলির জন্য বেছে নেওয়া হয়েছে কলিঙ্গ স্টেডিয়ামের দুটি আলাদা মাঠকে। ফাইনাল ম্যাচটি খেলা হবে ২৮ জানুয়ারি।
ফেডারেশন চেষ্টা করছে যাতে সুপার কাপ আগামী বছর থেকে ছ’মাস ধরে করা যায় কিনা। তার মধ্যে আইএসএলসহ বাকি টুর্নামেন্টও চালাবে তারা। সুপার কাপের মেয়াদ বাড়লে বহু দল প্রস্তুতি নিয়ে আরও ভাল দলগঠন করতে পারবে। অল্পদিনের টুর্নামেন্ট হলে আসর তেমন জমে না।