দ্য ওয়াল ব্যুরো: যে আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্যি হল। সোমবার জানা গিয়েছিল, টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ করোনা আক্রান্ত হয়েছেন। তার কয়েক দিন আগেই বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচের সঙ্গে টুর্নামেন্ট খেলেছিলেন তিনি। এই খবর শোনার পরেই নমুনা পরীক্ষা করা হয় জোকোভিচের। রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী জেলেনাও।
মঙ্গলবার জোকোভিচ নিজেই আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। তিনি বলেন, বেলগ্রেডে পৌঁছনোর পরেই নমুনা পরীক্ষা করান তিনি ও তাঁর স্ত্রী জেলেনা। দু’জনের রিপোর্টই পজিটিভ এসেছে। তবে তাঁদের সন্তানদের শরীরে ভাইরাস পাওয়া যায়নি বলেই জানিয়েছেন জোকোভিচ। এই খবরে কিছুটা স্বস্তিতে তিনি। আপাতত নিয়ম মেনে ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকবেন তাঁরা। তারপর ফের নমুনা পরীক্ষা হবে তাঁদের।
এই খবর পাওয়ার পরে ভক্তরা বলছেন, ঝুঁকি ও সতর্কতা না নেওয়ার খেসারত দিতে হচ্ছে টেনিস দুনিয়ার একের পর এক তারকাকে। এর পিছনে কিছুটা হলেও দায়ী জোকোভিচ নিজেই। কারণ, সপ্তাহ দুয়েক আগে তিনিই ক্রোয়েশিয়াতে আদ্রিয়া টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। সেখানেই খেলতে নামেন দিমিত্রভ। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের তোয়াক্কা করা হয়নি। গ্যালারি ভর্তি দর্শক ছিল। খেলার শুরু ও শেষে হাত মেলাতেও দেখা যায় প্লেয়ারদের। সবাই বলছেন, সংক্রমণকে বুড়ো আঙুল দেখাতে গিয়ে নিজেই সংক্রামিত হলেন জোকোভিচরা।
শুধুমাত্র দিমিত্রভ ও জোকোভিচ নন, ওই টুর্নামেন্টে অংশ নেওয়া আর এক ক্রোট প্লেয়ার বর্না করিচও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এই খবর পাওয়ার পরে ওই টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য সব প্লেয়ারদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হচ্ছে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত অফিসিয়াল ও কর্মীদের। জোকোভিচ টুর্নামেন্টের পরে নাইট ক্লাবে পার্টিও করেছিলেন বলে জানা গিয়েছে। ফলে সেই পার্টিতেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাইট ক্লাবে সেদিন কারা গিয়েছিলেন, তারও খোঁজ নেওয়া হচ্ছে।
এই টুর্নামেন্টের আয়োজন করার পরেই অবশ্য জোকোভিচের সমালোচনা করেছিলেন টেনিসপ্রেমীরা। তাঁদের বক্তব্য ছিল, এভাবে গ্যালারি ভর্তি দর্শকের মধ্যে টুর্নামেন্টের আয়োজন করে সবার জন্য বিপদ ডেকে এনেছেন তিনি। দিমিত্রভ করোনা আক্রান্ত হওয়ার পর ক্ষমাও চেয়ে নিয়েছিলেন জোকার। কিন্তু এবার তিনি নিজেই আক্রান্ত হলেন ভাইরাসে।