কোহলির সামনে বিরাট রেকর্ডের হাতছানি ওয়াংখেড়েতে
দ্য ওয়াল ব্যুরো: তিনি ব্যাট হাতে নামলে প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড করেন। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামার আগে ফের এক রেকর্ডের হাতছানি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে। মাত্র ছ’রান করলেই ভারতের মাটিতে টি
শেষ আপডেট: 11 December 2019 12:22
দ্য ওয়াল ব্যুরো: তিনি ব্যাট হাতে নামলে প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড করেন। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামার আগে ফের এক রেকর্ডের হাতছানি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে। মাত্র ছ’রান করলেই ভারতের মাটিতে টি ২০ ক্রিকেটে হাজার রান হবে বিরাটের।
এখনও পর্যন্ত ভারতের মাটিতে টি ২০ ক্রিকেটে ৯৯৪ রান রয়েছে কোহলির। অর্থাৎ আর মাত্র ছ’রান দূরে নিজের হাজার রান থেকে। এদিন সেই রান করতে পারলেই তিনি হবেন প্রথম ভারতীয় ক্রিকেটার যাঁর দেশের মাটিতে টি ২০ ক্রিকেটে হাজার রান রয়েছে।
বিরাটের আগে এই কৃতিত্ব রয়েছে মাত্র দু'জনের। দু’জনেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। মার্টিন গাপটিল ( ১৪৩০ ) ও কলিন মুনরো ( ১০০০ ) এর আগে নিজেদের দেশের মাটিতে টি ২০ ক্রিকেটে হাজার রান করেছেন। বিশ্বে তৃতীয় ক্রিকেটার হতে চলেছেন বিরাট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি ২০ ম্যাচে হারলেও সেদিনও একটি রেকর্ড হয়েছে বিরাটের। রোহিতকে টপকে টি ২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন বিরাট। দ্বিতীয় ম্যাচে নামার আগে রোহিতের থেকে তিন রান পিছিয়ে ছিলেন কোহলি। তিরুবনন্তপুরমে ১৫ করে আউট হন রোহিত। বিরাট করেন ১৯। অর্থাৎ এই মুহূর্তে রোহিতের থেকে মাত্র এক রান বেশি বিরাটের। রোহিতের রান ২৫৬২, বিরাটের ২৫৬৩।
এই মুহূর্তে ১-১ ফলে রয়েছে টি ২০ সিরিজ। প্রথম ম্যাচ ভারত জিতলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিরে এসেছেন কাইরন পোলার্ডরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগেই টেক্কা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জিততে তাই শেষ ম্যাচে জিততেই হবে বিরাটদের।
ওয়াংখেড়েতে ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়। এই মাঠেই ২০১৬ টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই স্মৃতি ভুলতে চান কোহলিরা। গত কয়েক বছর ধরে অবশ্য সিরিজ নির্ণায়ক ম্যাচে আধিপত্য দেখিয়েছে ভারত। সেই আধিপত্যই ফের একবার দেখতে চান সমর্থকরা। আর তার জন্য জ্বলে উঠতে হবে বিরাটকে। দেখা যাক ওয়াংখেড়েতে বিরাটের বিধ্বংসী রূপ দেখা যায় কিনা।