দ্য ওয়াল ব্যুরো: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার হয়েছে ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পরে এই প্রথম কোনও টেস্টে হেরেছেন কোহলিরা। আর তারপরেই শুরু হয়েছে সমালোচনা। ম্যাচ শেষে সেই সমালচনার জবাব দিলেন বিরাট। বললেন, হেরেছি ঠিক, কিন্তু পৃথিবী শেষ হয়ে যায়নি। এটা নিয়ে কেউ যদি অন্য কিছু ভাবতে বসেন তাহলে আমাদের কিছু করার নেই।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বিরাটের উদ্দেশে বেশ কিছু তীর্যক প্রশ্ন ছোঁড়েন সাংবাদিকরা। তার উত্তরে কোহলি বলেন, “আমরা হেরেছি এটা সত্যি। কিন্তু কেউ যদি এটা থেকে একটা পাহাড় তৈরি করতে চান তাহলে আমাদের কিছু করার নেই। কারও জন্য পৃথিবী শেষ হয়ে গেল এই একটা হারে। কিন্তু আমাদের জন্য সেটা নয়। আমাদের কাছে এটা একটা ম্যাচ। আমরা মাথা উঁচু করেই এগিয়ে চলব।”
নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “আমরা জানি জেতার জন্য আরও ভাল খেলতে হয়। সেটা ঘরের মাঠে হোক, বা বিদেশে। আন্তর্জাতিক ক্রিকেটে জেতা অত সহজ নয়। সবাই আপনাকে হারানোর জন্যই মাঠে নামে। তাই হার-জিত মেনে নিতে হয়। এটাই খেলার অঙ্গ।”
এই ধরনের সমালোচনা নিয়ে ভাবলে তা আখেরে দলের ক্ষতি করে বলেই মনে করছেন বিরাট। তিনি বলেন, “আমরা এতদিন ধরে এত ভাল ক্রিকেট এমনিই খেলিনি। বাইরে কে কী বলছে তা নিয়ে আমরা মাথা ঘামাই না। তা নিয়ে মাথা ঘামাতে গেলে তো আমরা আবার ৭-৮ নম্বরে চলে যাব। আমরা সত্যিই খেলার বাইরে অন্য কিছু নিয়ে ভাবি না।”
ক্রিকেটে খারাপ দিন সবার জন্য আসে বলেই মন্তব্য করেন ভারত অধিনায়ক। সেই খারাপ সময়টা কাটিয়ে উঠতে তাঁর দল জানে বলেই বিশ্বাস বিরাটের। তিনি বলেন, “আমরা হারলে তা স্বীকার করে নিতে তো কোনও লজ্জা নেই। এর মানে আমরা ভাল খেলতে পারিনি। এর মানে এই নয় রাতারাতি আমরা খারাপ দল হয়ে গয়েছি। মানুষ এইসব কথা বলে আমাদের চিন্তা বদলানোর চেষ্টা করেন। কিন্তু সেটা বদলানো যায় না। আমাদেরকে আরও পরিশ্রম করতে হবে। এতগুলো জয়ের মধ্যে একটা ম্যাচ আমরা হেরেছি। জেতার বিশ্বাস আমাদের চলে যায়নি। দলের মানসিকতা একই রকম আছে। পরের টেস্টেই তা দেখা যাবে।”
প্রথম টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “যোগ্য দল হিসেবেই নিউজিল্যান্ড জিতেছে। ওরা আমাদের থেকে ভাল খেলেছে। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে ডুবেছি আমরা। সেই ভুলগুলো শোধরাতে হবে আমাদের। পরের টেস্টেই এক নতুন দল দেখতে পাবেন সবাই।”