ধোনিকে টপকাতে পারেন কোহলি, নতুন রেকর্ডের হাতছানি বিরাটের সামনে
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডে প্রথম টি ২০ ম্যাচের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। আর এই ম্যাচে নামার আগে নতুন রেকর্ডের হাতছানি রয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে । প্রথম ম্যাচেই সেই রেকর্ড হয়ে যেতে পারে কোহলির। এই সিরিজ শেষ হতে হতে টি ২০ ইতিহা
শেষ আপডেট: 23 January 2020 11:37
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডে প্রথম টি ২০ ম্যাচের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। আর এই ম্যাচে নামার আগে নতুন রেকর্ডের হাতছানি রয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে । প্রথম ম্যাচেই সেই রেকর্ড হয়ে যেতে পারে কোহলির। এই সিরিজ শেষ হতে হতে টি ২০ ইতিহাসে অনন্য কৃতিত্বের মালিক হতে পারেন ভারত অধিনায়ক।
এই মুহূর্তে টি ২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে কোহলির রান ৩৩ ম্যাচে ১,০৩২। গড় ৪৬.৯০। স্ট্রাইক রেট ১৪৩.৭৩। টি ২০ ক্রিকেটে ভারতীয় অধিনায়কদের মধ্যে তাঁর আগে কেবলমাত্র রয়েছেন ধোনি। ৬২ ম্যাচে তাঁর রান ১,১১২। অর্থাৎ আর মাত্র ৮১ রান করলেই ধোনিকে টপকে যাবেন কোহলি। অকল্যান্ডের ইডেন পার্কেই সেই রেকর্ড হতে পারে বিরাটের।
এই মুহূর্তে অধিনায়ক হিসেবে টি ২০ ক্রিকেটে চার নম্বরে রয়েছেন বিরাট। সবার আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ দু'প্লেসি। ৪০ ইনিংসে তাঁর রান ১,২৭৩। দুইয়ে রয়েছেন ধোনি। তিন নম্বরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন রয়েছেন। তাঁর রান ৩৯ ম্যাচে ১,০৮৩। অর্থাৎ শুধু কোহলি নন, কেন উইলিয়ামসনের কাছেও সুযোগ রয়েছে সবাইকে টপকে এই তালিকায় এক নম্বরে আসার। এক নম্বরে আসতে গেলে উইলিয়ামসনকে করতে হবে ১৯১ রান আর কোহলিকে করতে হবে ২৪২ রান।

এই মুহূর্তে টি ২০ ক্রিকেটের দিকেই বেশি নজর দিয়েছে ভারত। কারণ, সামনে টি ২০ ওয়ার্ল্ড কাপ। আর এই ফরম্যাটেও দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে দ্রুততম হাজার রান করেছেন বিরাট। তাই নিউজিল্যান্ড সফরের পাঁচ ম্যাচে সবাইকে টপকে যাওয়া খুব একটা কঠিন হবে না ভারত অধিনায়কের জন্য। আর কিউয়িদের দেশের ছোট মাঠ বিরাটকে আরও সুবিধা দেবে বড় শট খেলতে।
নিউজিল্যান্ডে যদিও ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়। এখন দেখার সফরের শুরুটা কেমন হয় বিরাটের জন্য।