দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে সিরিজের পর টেস্ট সিরিজেও লজ্জার হোয়াইটওয়াশ হয়েছে ভারতের। ওয়েলিংটনের পরে ক্রাইস্টচার্চেও ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হয়েছে বিরাটদের। আর হারের পরে মেজাজ হারালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। চিৎকার করে উঠলেন সাংবাদিকের উপর।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে একজন বিরাটকে প্রশ্ন করেন নিউজিল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন কেন উইলিয়ামসনের আউট হওয়ার পরে তাঁর ও দর্শকদের দিকে তাকিয়ে উদ্ধত ভাষার প্রয়োগ করেছেন বিরাট। একজন অধিনায়ক হিসেবে তাঁর কি আরও সংযত হওয়া উচিত ছিল না? এই প্রশ্ন শুনেই রেগে যান বিরাট।
সাংবাদিকের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন বিরাট। বলেন, আপনার কী মনে হয়? তার উত্তরে ওই সাংবাদিক বলেন, এটাই কি আপনার উত্তর? তাতে ফের বিরাট বলেন, আপনার কী মনে হয় বলুন না। এভাবে অর্ধেক প্রশ্ন নিয়ে আসবেন না। আগে পুরোটা জানবেন। তারপর প্রশ্ন করবেন। আর যদি আপনার মনে হয় বিতর্ক তৈরি করবেন, তাহলে এটা সেই জায়গা নয়। আমার ম্যাচ রেফারির সঙ্গে কথা হয়েছে। তাঁর কোনও অভিযোগ নেই।
কোহলির এই বক্তব্যের পরে ফের শুরু হয়েছে বিতর্ক। নিউজিল্যান্ডের মিডিয়ার দাবি, ক্যামেরার সামনে এটা স্পষ্ট যে বিরাট মাঠের মধ্যে উদ্ধত ভাষায় কথা বলেছেন। অথচ সেই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উলটে সাংবাদিককেই মেজাজ দেখালেন। এর থেকেই বোঝা যাচ্ছে তাঁর সাম্প্রতিক ফর্ম ও দলের হার তাঁর উপর কীরকম প্রভাব ফেলেছে।
মাঠের মধ্যে বিরাটের এই আগ্রাসী মনোভাব অবশ্য আজ প্রথম নয়। এর আগেও অনেকবার তা দেখা গিয়েছে। মাঠের মধ্যেই অন্য ক্রিকেটার কিংবা আম্পায়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। তার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে বিরাটকে। শাস্তিও পেতে হয়েছে। কিন্তু নিজের আগ্রাসী মনোভাব মাঠের মধ্যেই সীমাবদ্ধ ছিল ভারত অধিনায়কের। এই প্রথম তা মাঠের বাইরে সাংবাদিক সম্মেলনেও বেরিয়ে এল। তাহলে কি সত্যি দলের হার ও নিজের ব্যাটিং ব্যর্থতা চাপে রেখেছে বিরাটকে। যার জন্য সাংবাদিকদের সামনেও মেজাজ হারাচ্ছেন তিনি।