দ্য ওয়াল ব্যুরো: ১০০ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের বয়স্কতম প্রথম শ্রেণির ক্রিকেটার বসন্ত রাইজি। শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। স্ত্রী ও দুই মেয়ে রয়েছে এই ক্রিকেটারের।
বসন্ত রাইজির জামাই সুদর্শন নানাবতী সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "শুক্রবার গভীর রাত ২ টো ২০ মিনিট নাগাদ মুম্বইয়ের ওয়াকেশ্বরে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর।"
১৯৩৯ সালে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার হয়ে প্রথম ক্রিকেট খেলা শুরু করেন বসন্ত রাইজি। নাগপুরের বেরারে সেন্ট্রাল প্রভিন্সের হয়ে খেলে এই দল। ১৯৪০ সালে ৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন বসন্ত। ২৭৭ রান করেন তিনি। তার মধ্যে সর্বোচ্চ ছিল ৬৮।
১৯৪১ সালে মুম্বইয়ের হয়ে অভিষেক হয় বসন্ত রাইজির। বিজয় মার্চেন্টের অধিনায়কত্বে পশ্চিম প্রদেশের বিরুদ্ধে খেলেছিল মুম্বই।
ক্রিকেট খেলার বাইরে একজন ক্রিকেটের ইতিহাসবিদ ও চার্টার্ড অ্যাকাউন্টানট ছিলেন তিনি। তাঁর ১৩ বছর বয়স যখন ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলে।
চলতি বছর জানুয়ারি মাসে ১০০ বছর বয়স হয় বসন্ত রাইজির। সেই সময় তাঁর বাসভবনে দেখা করতে গিয়েছিলেন শচীন তেন্ডুলকর ও স্টিভ ওয়।
শনিবার দুপুরে দক্ষিণ মুম্বইয়ের চন্দনবারি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বসন্তের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতের ক্রীড়ামহলে।