'খেল হি নেহি, দিল ভি জিতিয়ে, শুভকামনায়ে'
দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০০৪। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রওনা দেবে ভারতীয় দল। যাওয়ার ঠিক আগেই ভারতীয় দলের সঙ্গে দেখা করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। অধিনায়ক সৌরভের হাতে তুলে দেন একটা ব্যাট। তবে সেটা শুধু খেলা জে
শেষ আপডেট: 17 August 2018 06:57
দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০০৪। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রওনা দেবে ভারতীয় দল। যাওয়ার ঠিক আগেই ভারতীয় দলের সঙ্গে দেখা করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। অধিনায়ক সৌরভের হাতে তুলে দেন একটা ব্যাট। তবে সেটা শুধু খেলা জেতার জন্য নয়, হৃদয় জয় করার জন্যও।
প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন বাজপেয়ী। কলম তাঁর বরাবরই শক্তিশালী ছিল। ক্রিকেট ব্যাট কোনও দিন হাতে নেননি। কিন্তু সেই কবির হাতেই উঠল ব্যাট। অধিনায়ক সৌরভকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী, " খেল হি নেহি, দিল ভি জিতিয়ে, শুভকামনায়ে।" অর্থাৎ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বাজপেয়ী বলেন, পাকিস্তানে গিয়ে শুধু ম্যাচ জেতায় নয়, পাকিস্তানের মানুষের মন জয় করারও চেষ্টা করুন।

তৎকালীন প্রধানমন্ত্রীর কথা রেখেছিলেন বাঙালি তরুণ ক্যাপ্টেন। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে অসাধারণ খেলে গোটা ভারতীয় দল। ভারত পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ 'স্যামসং কাপ' ৩-২ ব্যবধানে জয়ী হয়, এবং টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জয়ী হয়। এমনকী তৎকালীন পাক রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেছিলেন। পাকিস্তানের জনগনের মধ্যে সেহওয়াগ, সৌরভ, শচীনরা যথেষ্ট জনপ্রিয়তাও পেয়েছিলেন।
প্রতিবেশী দেশের বিরুদ্ধে বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অটল বিহারীর দেওয়া সেই শুভেচ্ছা ‘বিজয়ী হৃদয়’ এখনও ভারতীয় ক্রিকেট দলের কাছে অন্যতম পাওনা।