দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকের পঞ্চম দিনে স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতীয় হকি দলের। স্পেনকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলেও এগিয়ে গেল ভারত। পুল এ-র ম্যাচে স্পেনকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় হকি টিম।
টোকিও অলিম্পিকে জয় দিয়েই সফর শুরু করেছিল ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় পায় ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হতে হয়। কিন্তু তৃতীয় ম্যাচে ফের ঘুরে দাঁড়িয়ে স্পেনকে দুরমুশ করে।
এই ম্যাচের নায়ক রূপিন্দর পাল সিং। রূপিন্দরের জোড়া গোলেই বাজিমাত করে দিয়েছে ভারতীয় হকি দল। একটি গোল সিমরনজিত সিংয়ের। পুল এ-র তিনটি ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে এগিয়ে গেছে। এবার গ্রুপে আর্জেন্টিনা ও জাপানের মুখোমুখি হতে হবে। ৬টি দলের প্রতি পুল থেকে ৪টি করে দল কোয়ার্টার ফাইনালে যাবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ও ছিল দুরন্ত। যদিও প্রথমে গোল হজম করতে হয়েছিল। প্রধমার্ধের ৬ মিনিটের মাথাতেই পেনাল্টি পেয়েছিল নিউজিল্যান্ড। তারপরেই ভারতীয় দল তাদের দক্ষতা প্রমাণ করে দেয়। ১০ মিনিটের মাথায় গোল শোধ করে দেন রূপিন্দর পাল সিং। ওই ম্যাচে জোড়া গোল করে ভারতীয় দলের জয় ছিনিয়ে আনেন হরমনপ্রীত সিং।