দ্য ওয়াল ব্যুরো: নেদারল্যান্ডসের মতো বড় দল শেষ ইউরো কাপের শেষ ষোলোয় গিয়েছিল ১৩ বছর আগে। এক যুগের বেশি সময় পরে ফের তারা পরপর দুটি জয়ের মাধ্যমে নকআউট পর্বে যাওয়ার যোগ্যতা দেখিয়েছে।
ঘরের মাঠ আমস্টারডামে বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে কমলা জার্সিধারীরা। 'সি' গ্রুপের এই ম্যাচে গোল মিস বহু হয়েছে, না হলে নেদারল্যান্ডসের জয়ের ব্যবধান বাড়ত।
পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে নেদারল্যান্ডস। ম্যাচের দশ মিনিট পার না হতেই ভুল করে বসে অস্ট্রিয়া। ডাচ ডিফেন্ডার স্টেফান ডি ভ্রিজ বল নিয়ে বক্সের মধ্যে আলতো ছোঁয়াতেই পড়ে যান। রেফারি তাতে ভুল কিছু দেখেননি। কিন্তু একই সময়ে বিপজ্জনক জায়গায় ডেঞ্জেল ডামফ্রেস চলে আসলে তাঁকে পা দিয়ে ফেলে দেন অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা। ফলে ভারের শরণাপন্ন হন রেফারি। রিপ্লে দেখে পেনাল্টির বাঁশিই বেজেছে। ১১ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন মেমফিস দিপাই।
প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে পারতো নেদারল্যান্ডসের। পেনাল্টিতে গোল করা দিপাই ২৪ আর ৪০ মিনিটে দুটো একদম সহজ সুযোগ নষ্ট করেন। একবার বক্সের সাইডে শট মেরে, আরেকবার গোলরক্ষকের খুব কাছে বল পেয়েও ওপরে মেরে দেন এই ডাচ স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে একের পর এক আক্রমণ শানাতে থাকে নেদারল্যান্ডস। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে সেই হতাশা কাটে ৬৭ মিনিটে। দিপাইয়ের ফ্লিক মাঝমাঠ থেকে ফাঁকা পেয়ে দৌড়ে যান ড্যামিয়েন মালেন। গোলরক্ষকের সামনে গিয়েও নিজে শট নেননি, স্বার্থ ভুলে ডানদিকে ডামফ্রেসকে পাস দেন।
ডাচ ডিফেন্ডার শট নিলে অস্ট্রিয়ান গোলরক্ষক ড্যানিয়ের বাচম্যান হাতে লাগাতে পারলেও আটকাতে পারেননি গোল। বরং অফসাইডের দাবি তুলে হলুদ কার্ড দেখেন। ততক্ষণে ডাচ ঝড় সম্পূর্ণ হয়ে ম্যাচ জিতে গিয়েছে তারা।