দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হওয়ার আগেই একাধিক সমস্যায় পড়েছে টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যেই দলের দুই ক্রিকেটার- সহ মোট ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যেই দেশে ফিরে এসেছেন ধোনির ডেপুটি সুরেশ রায়না। কী কারণে তিনি দেশে ফিরে এসেছেন, তা নিয়ে অনেক জল্পনা উঠে এসেছে। এবার শোনা গেল হোটেলের ঘর নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংঘাতের কারণেই নাকি দেশে ফিরে এসেছেন তিনি।
সূত্রের খবর, দুবাইয়ে যে হোটেলে চেন্নাই রয়েছে, সেখানে ঘর নিয়ে দলের মালিকদের সঙ্গে সংঘাত হয়েছে রায়নার। তিনি নাকি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতোই ঘর চেয়েছিলেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয়, দলের অধিনায়ক যে সুবিধা পান, তা অন্যরা পাবে না। আর এই কথাতেই নাকি চটেছেন তিনি। আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ে খেলছেন রায়না। ধোনির মতোই দলের সাফল্যে অবদান রয়েছে তাঁরও। সেখানে তাঁর আবেদন না মানায় দেশে ফেরার বিমান ধরেন তিনি।
চেন্নাইয়ের তরফে এই বিষয়ে কিছু বলা না হলেও মুখ খুলেছেন দলের মালিক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন। তিনি বলেন, “ক্রিকেটাররা এই রকমের হন। তাঁদের মানসিকতা অনেক সময় পুরনো দিনের নায়কদের মতো হয়। চেন্নাই সুপার কিংস সবসময় একটা পরিবারের মতো। সব সিনিয়র ক্রিকেটাররা এখানে একসঙ্গে থাকতে জানেন। আমার দর্শন হল, যদি আপনি খুশি না থাকেন, তাহলে ফিরে যান। আমি কোনও কিছুর জন্য কাউকে জোর করি না। কখনও সাফল্য আপনার মাথার উপরে উঠে যায়।”
এই বিষয়ে ধোনির সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন শ্রীনবাসন। তিনি বলেন, “আমি ধোনির সঙ্গে কথা বলেছি। উনি আমাকে আশ্বাস দিয়ে বলেছেন, সংক্রমণ বাড়লেও কোনও চিন্তা নেই। জুম কলের মাধ্যমে দলের সব ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছেন ধোনি। সবাইকে সুরক্ষিত থাকতে বলেছেন তিনি। কারণ আপনি জানেন না কার থেকে সংক্রমণ ছড়াবে।”
এই সিদ্ধান্তের জন্য আর্থিকভাবে রায়নার ক্ষতি হবে বলেও জানিয়েছেন চেন্নাইয়ের মালিক। তিনি বলেন, “এখনও মরসুম শুরু হয়নি আর রায়না দেশে ফিরে এলেন। এর জন্য সব টাকা খোয়াবেন তিনি। এক মরসুমের জন্য ১১ কোটি টাকা পান রায়না।”
এর আগে জানা গিয়েছিল, পঞ্জাবের পাঠানকোটে দুষ্কৃতীর হাতে রায়নার পিসেমশাই নিহত হয়েছেন ও পিসি গুরুতর আহত হয়েছেন। তারপরে জানা যায় দলে এতগুলো সংক্রমণ ধরা পড়ায় সন্তানদের কথা ভেবে দেশে ফিরেছেন তিনি। এবার উঠে এল হোটেলের ঘর নিয়ে সংঘাতের তথ্য। সব মিলিয়ে আইপিএল শুরুর আগেই বেকায়দায় চেন্নাই শিবির।