দ্য ওয়াল ব্যুরো : প্রথম দুটি সেট হেরে গিয়েছিলেন। কিন্তু দারুণ প্রত্যাবর্তন করে ইউএস ওপেনে জয় ছিনিয়ে নিলেন ব্রিটেনের অ্যান্ডি মারে। জাপানের ইয়োশিহিতো নিসিওকাকে হারিয়ে তিনি পরের রাউন্ডে গেলেন। ফল মারের পক্ষে ৪-৬, ৪-৬, ৭-৬ (৭-৫), ৭-৬, ৬-৪। প্রায় সাড়ে চার ঘন্টার লড়াইয়ে তিনি জয় হাসিল করেছেন। চোটের কারণে তিনি গত মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া কোনও ম্যাচ খেলতে পারেননি, কিন্তু এবার করোনা শঙ্কার মধ্যেই মারে বুঝিয়ে দিলেন তিনি ছন্দেই বিরাজ করছেন।
মারের মতোই প্রত্যাশিত জয় পেয়েছেন মহিলা টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। টেনিস ইতিহাসে মোট ২৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন মার্গারেট কোর্ট। সেই খেতাব পেতে মাত্র একটি বাকি সেরেনার, তিনি ২৩-য়ে থেমে রয়েছেন বহুদিন ধরেই। তাই ৩৮ বছরের টেনিসের রানীকে নিয়ে এবারও সমান প্রত্যাশা থাকবে। সেরেনা জয় পেয়েছেন তাঁর দেশেরই ক্রিস্টি আনকে হারিয়ে, ফল ৭-৫, ৬-৩। প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অবশ্য সেরেনার দিদি ভেনাস উইলিয়ামস। সাতবারের চ্যাম্পিয়ন হারেন চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভার বিপক্ষে।
এদিকে, ভারতীয় টেনিস তারকা হিসেবে নজির গড়লেন সুমিত নাগাল। তিনি সোমদেব দেববর্মনের পরে কোনও ভারতীয় হিসেবে সাতবছর পরে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যোগ্যতা দেখিয়েছেন। এটি অবশ্যই কৃতিত্বের দাবি রাখে। তিনি আমেরিকার ব্র্যাডলি ক্লোনকে ৬-১, ৬-৩, ৩-৬, ৬-১-এ হারিয়ে চমক সৃষ্টি করেছেন। এর আগেরবার এই সুমিত কিংবদন্তি রজার ফেডেরারের বিপক্ষে দুরন্ত খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেবারই ফেডেরার এই ভারতীয় টেনিস প্রতিভা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। ২৩বছর বয়সী বিশ্ব ক্রম তালিকায় ১২২তম এই তারকা পরের রাউন্ডে খেলবেন ডমিনিক থিয়েমের সঙ্গে।
ইউএস ওপেনের প্রথম ম্যাচে দারুণ শুরু করেছিলেন সুমিত। তিনি দুই হাতেই ব্যাকহ্যান্ড মারতে পারেন। তিনি খেলায় ১৭টি আনফোর্সড এরর করলেও সার্ভিস রিটার্নে বিপক্ষকে বারবার পরাস্ত করেছেন। প্রথম দুটি গেম তিনি সহজে জিতে নেন। অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রে তাঁর সার্ভিস নিখুঁত ছিল। ব্যাকহ্যান্ডের পাশে দুরন্ত ফোরহ্যান্ড এবং ডাউন দ্য লাইনকে ব্যবহার করে সুফল আদায় করে নিয়েছেন। জয়ের পরে খুশি সুমিত। তিনি জানিয়েছেন, ‘‘আমি ম্যাচে যা করতে চেয়েছিলাম, সেটাই হয়েছে। তবে সামনের ম্যাচে লড়াই আরও কঠিন, তবে আমি প্রস্তুত।’’ প্রসঙ্গত, এই একটি ম্যাচ জিতে সুমিত পেলেন ভারতীয় মুদ্রায় ৭৩ লক্ষ টাকা।
২০১৩ সালে শেষবার কোনও গ্র্যান্ডস্লামের সিঙ্গলসে জয় পেয়েছিলেন সোমদেব দেববর্মণ। তারপর এই সুমিত। বর্তমান তারকা সম্পর্কে সোমদেব টুইট করে লিখেছেন, ‘‘দারুণ সুমিত, এগিয়ে যাও, এবার তোমার সময়।’’