দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় দিনটাও ভাল গেল সৌরাষ্ট্রের। প্রথমে ব্যাট হাতে শেষ দুই উইকেটে ৪১ রান যোগ করল তারা। তারপর বল হাতে বাংলার দুই ওপেনারকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন সৌরাষ্ট্রের বোলাররা। কিন্তু বাংলার ইনিংসকে ধরলেন মনোজ তিওয়ারি ও সুদীপ চট্টোপাধ্যায়। মনোজ আউট হলেও ক্রিজে রয়েছেন সুদীপ। সঙ্গে ঋদ্ধি। এই জুটির উপরেই অনেকটা নির্ভর করছে বাংলার রঞ্জি ভাগ্য।
এদিন শুরুতে বাংলার বোলারদের লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব সৌরাষ্ট্রকে অলআউট করা। কিন্তু সেটা হল না। ধর্মেন্দ্রাশিস জাদেজা ও জয়দেব উনাদকত ভাল ব্যাট করলেন। দু'জনে মিলে আরও ৪১ রান যোগ করলেন। শেষ পর্যন্ত ৪২৫ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। জাদেজা ৩৩ করে অপরাজিত থাকেন। উনাদকত করেন ২০। বাংলার হয়ে পেসার আকাশ দীপ ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলার। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ মাত্র ৯ করে আউট হন। এই ম্যাচে অভিষেক রমনের জায়গায় খেলতে নামা সুদীপ ঘরামি ২৬ করেন। দেখে মনে হচ্ছিল ফের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের দৃশ্যই হয়তো দেখতে হবে। কিন্তু তা হতে দিলেন না অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায় ও মনোজ তিওয়ারি। পার্টনারশিপ গড়লেন তাঁরা। রান কম এলেও উইকেট পড়ছিল না।
দিনের খেলা শেষ হওয়ার আগে ৩৫ রানের মাথায় আউট হন মনোজ। কিন্তু টিকে রয়েছেন সুদীপ। অন্যদিকে ঋদ্ধিমান সাহাকেও যথেষ্ট সাবলীল দেখাচ্ছে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বাংলার রান ৩ উইকেটে ১৩৪। সুদীপ ৪৭ ও ঋদ্ধি ৪ করে অপরাজিত আছেন। এখনও সৌরাষ্ট্রর থেকে ২৯১ রানে পিছিয়ে বাংলা।
এদিনের খেলা দেখে বোঝা গেল দু'দলই ধরে নিয়েছে প্রথম ইনিংসের রানেই রঞ্জির ভাগ্য নির্ধারণ হবে। তাই রানের গতি খুবই কম। উইকেট ধরে খেলার চেষ্টা করছে সবাই। বাংলাকে প্রথম ইনিংসে সৌরাষ্ট্রর থেকে লিড নিতে হলে চতুর্থ দিনের প্রথম দুই সেশন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি দুই সেশন এই জুটি খেলে দেয় তাহলে সৌরাষ্ট্রর রানের কাছে হয়তো পৌঁছে যাবেন ঋদ্ধিরা। এখন আগামীকাল কী ভাবে দুই দল মাঠে খেলা শুরু করে সেটাই দেখার।