দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপ ও ঘরোয়া লিগে ব্যর্থতার জের। মহামেডান স্পোর্টিং-এর কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সুব্রত ভট্টাচার্যকে। সুব্রতর জায়গায় কোচ করে আনা হলো মহামেডানেরই অনূর্ধ্ব ১৯ দলের কোচ সঈদ রামনকে। রামনের সঙ্গে টিডি করে নিয়ে আসা হলো দীপেন্দু বিশ্বাসকে।
এ দিন দলের তরফে এ কথা জানিয়ে দেওয়া হয়। সাদা-কালো ব্রিগেডের শীর্ষকর্তারা জানিয়ে দেন, সুব্রত ভট্টাচার্যকে আর কোচ হিসেবে রাখতে চাইছেন না তাঁরা। সুব্রতর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে তাঁদের। নতুন কোচ হিসেবে অনূর্ধ্ব ১৯ দলের কোচের উপরেই আস্থা রেখেছেন শীর্ষকর্তারা। সঈদ রামনের সঙ্গে টিডি হিসেবে রাখা হয়েছে প্রাক্তন মহামেডান ফুটবলার তথা তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে। এই নতুন জুটি আগামীকাল থেকেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তাঁরা।
চলতি মরসুম শুরুর আগে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যকে কোচ করে এনেছিল মহামেডান। ডুরান্ডের প্রথম ম্যাচে নামার আগে সুব্রত হুঙ্কার দিয়েছিলেন, মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরিকল্পনায় মাত দেবেন স্প্যানিশ কোচ কিবু ভিকুনাকে। কিন্তু মাঠে দেখা যায়, বাগান কোচের পরিকল্পনার কাছেই দু'গোল খেতে হয় সুব্রতকে। তারপরেও দলের খেলা শুধরোয়নি। শুধুমাত্র ডুরান্ড কাপ নয়, ঘরোয়া লিগের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়তে হয় সাদা-কালো ব্রিগেডকে।
এই ব্যর্থতার পর আর সুব্রতর উপর ভরসা রাখতে পারলেন না মহামেডান কর্তারা। তাঁরা জানেন, লিগের এখনও অনেক ম্যাচ বাকি। এরপরে আই লিগও রয়েছে। আর তাই বাকি মরসুমে ভালো করতে বদ্ধপরিকর ক্লাব কর্তারা। সেইজন্য ক্লাবের কোচে বদল ঘটালেন তাঁরা।