দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্টিনা ও জুভেন্টাসের ফুটবলার পাওলো দিবালা আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বেশ কিছুদিন ধরে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। তাঁর বান্ধবীও এই ভাইরাসে আক্রান্ত। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তরুণ এই স্ট্রাইকার। কিন্তু করোনায় সংক্রামিত হওয়ার পর প্রথম কয়েক দিন ঠিকমতো শ্বাস নিতেই নাকি পারছিলেন না দিবালা। নিজেই সেই কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি এই বিদেশি ক্রীড়া ম্যাগাজিনকে ফোনে নিজের কোয়ারেন্টাইনে থাকা দিনগুলির কথা বলে দিবালা। তিনি বলেন, “প্রথম প্রথম খুব কষ্ট হত। পাঁচ মিনিট হাঁটলেই মনে হত শ্বাস নিতে পারছি না। পুরো শরীরটা ভারী হয়ে আসত। গায়ে প্রচণ্ড ব্যথা হত। তখন ট্রেনিং বা ছোটা দূরে থাক ঠিকমতো হাঁটতেও পারতাম না।”
ধীরে ধীরে সেই অবস্থা কাটিয়ে উঠেছেন বলেই জানিয়েছেন দিবালা। তাঁর কথায়, “এখন অনেকটাই সুস্থ। বাড়ির মধ্যেই ট্রেনিং করছি। আসতে আসতে সেই দম ফিরে পাচ্ছি। শরীরও আগের থেকে অনেকটাই ভাল। যখন কষ্ট হত, ভাবতাম আবার ফুটবল মাঠে যেতে পারব তো। একটা ভয় ঢুকে গিয়েছিল। রাতে দমের অভাবে ঘুম ভেঙে যেত। সেই দিনগুলোর কথা আর মনে করতে চাই না। দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই।”
বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকলেও অনেকটা সুস্থ হয়ে উঠেছেন দিবালা ও তাঁর বান্ধবী ওরিয়ানা। বান্ধবীর প্রসঙ্গে দিবালা বলেন, “আমার সঙ্গে ওরিয়ানারও কোভিড ১৯ পজিটিভ এসেছিল। আমরা দু’জনেই খুব সাবধানে ছিলাম। ধীরে ধীরে তার ফল পাচ্ছি। ও এখন আমার মতোই অনেকটা সুস্থ।”
ফুটবল জগতে সবার আগে এই জুভেন্টাসেই থাবা বসিয়েছিল করোনাভাইরাস। প্রথমে ড্যানিয়েল রুগানি, তারপর দিবালা ও শেষে মাতুইদি, একই দলের তিন ফুটবলার এই ভাইরাসের কবলে পড়েছেন। তারপর থেকেই অবশ্য কোয়ারেন্টাইনে রয়েছেন এই দলের বাকি সব ফুটবলার, সাপোর্ট স্টাফ ও কোচ। পর্তুগালের মাদেইরাতে নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন দিবালাদের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোলান্ডোও।