দ্য ওয়াল ব্যুরো: দাপটের সঙ্গে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলেও এই ম্যাচে শাকিব-আল হাসানকে পায়নি বাংলাদেশ। আঙুলের চোটে মাঠে নামেননি তিনি। কিন্তু ফাইনালেও যে তাঁকে পাওয়া যাবে না তা হয়তো স্বপ্নেও ভাবেননি বাংলাদেশ সমর্থকেরা।
শুক্রবার এশিয়া কাপের ফাইনালে শাকিবের না-থাকাটা বাংলাদেশের কাছে নিঃসন্দেহে বড় ক্ষতি৷ আঙুলের পুরনো চোটের জায়গায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময় ফের চোট পান শাকিব৷ ফলে তাঁকে বিশ্রাম দিয়ে ফাইনালে খেলানোর চেষ্টা করা হয়েছিল বোর্ডের তরফে। কিন্তু চোটের যা হাল তাতে ফাইনালেও পাওয়া যাবে না তাঁকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আক্রম খান জানিয়েছেন, ‘এশিয়া কাপের কথা মাথায় রেখেই নিজের অস্ত্রোপচার পিছিয়ে দিয়েছিল শাকিব। কয়েকদিন ধরেই ও আঙুলে ব্যথা হচ্ছিল৷ দলের ফিজিও ওকে খেলার জন্য সুস্থ করে তুলেছিল৷ কিন্তু পাকিস্তান ম্যাচের পর যন্ত্রণা এত বেড়ে যায় ফাইনালে কোনওভাবেই শাকিবের মাঠে নামা সম্ভব নয়৷ অন্তত ছ’ সপ্তাহ শাকিবকে মাঠের বাইরে থাকতে হবে৷’
এর ফরে শুধু ভারতের বিরুদ্ধে এশিয়া ফাইনালই নয়, ঘরের মাঠে আসন্ন জিম্বাবোয়ে সিরিজেও খেলতে পারবেন না শাকিব৷ বাংলাদশ-জিম্বাবোয়ে সিরিজ ৩০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর৷ বৃহস্পতিবারই ঢাকায় ফিরছেন শাকিব৷
আগেই তামিম ইকবাল চোট পেয়ে এশিয়া কাপের বাইরে চলে গিয়েছিলেন। এ বার শাকিবও খেলতে পারবেন না। ফলে ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে নামার আগে চাপে বাংলাদেশ শিবির। পুরো দায়িত্ব অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মেহমুদুল্লাহ রিয়াধের উপর। পাকিস্তানকে নয় বাংলাদেশ আটকে দিতে পেরেছিল বোলিংয়ের জোরে। কিন্তু ভারতের ব্যাটিং তো আর পাকিস্তান নয়। তাই ফাইনালে নামার আগে ব্যাকফুটে বাংলাদেশ।