দ্য ওয়াল ব্যুরো: প্রথম চার বলে এক রান। বেঙ্গালুরুর গ্যালারিতে তখন চিৎকার হোম সাপোর্টারদের। কেউ বুঝতেও পারেননি পরের ন’বলে বদলে যাবে পুরো খেলা। পরের ন’বলে রান উঠলো ঠিক এরকমভাবে, ৬, ৬, ৬, ১, ৬, ৬, ৬, ৪, ৬। সব মিলিয়ে ১৩ বলে ৪৭ অপরাজিত। ২৮ বলে দরকার ছিল ৬৮ রান। পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের ৪৭ রানের দৌলতে। আর এই অতিমানবীয় ইনিংস দেখার পর ক্রিকেট দুনিয়ায় শুরু হয়েছে রাসেল বন্দনা। পিছিয়ে নেন সমর্থকরাও। আর এই আবহেই এক অন্যরকম টুইট করলেন নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। রাসেলকে তুলনা করলেন ‘বাহুবলী’র সঙ্গে। সেই অমরেন্দ্র বাহুবলী, যিনি একার কাঁধে মাহিষ্মতী সাম্রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন, তাঁর সঙ্গেই রাসেলের তুলনা করলেন কিং খান। সেই সঙ্গে বাহুবলীর পোশাকে একটি ছবিও টুইটারে শেয়ার করেন শাহরুখ।
টুইটারে শাহরুখ লেখেন, “এই অসাধারণ জয়ের জন্য সবাইকে ধন্যবাদ। কিন্তু এই কথাটা হয়তো সবাই স্বীকার করবেন, রাসেলের জন্য যতই প্রশংসা করা হয়, সব কম। এই ছবিটাই হয়তো রাসেলের জন্য আদর্শ।” টুইটের সঙ্গেই বাহুবলীর পোশাকে রাসেলের ছবি প্রকাশ করেন কিং খান।
https://twitter.com/iamsrk/status/1114239013169324034
শাহরুখের এই টুইটের অবশ্য উত্তর দেওয়া হয় বাহুবলী ছবির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। তাদের তরফে টুইট করে লেখা হয়, “দারুণ খেলা কলকাতা নাইট রাইডার্সের। জয় মাহিষ্মতী। এ ভাবেই মাথা উঁচু করে খেলে যাও।”
https://twitter.com/BaahubaliMovie/status/1114243056692109312
শাহরুখ অবশ্য এরপরে আরও একটি টুইট করেন। এই টুইটে তিনি লেখেন, “ডাগআউটে বসে সবাই হয়তো ভাবছিল খেলা শেষ হয়ে গিয়েছে। তোমরা ক্রিকেট জানতে পারো, কিন্তু তোমরা কেউ রাসেলকে চেনো না। রাসেল একজন চ্যাম্পিয়ন। আমার মাসেলম্যান।”
https://twitter.com/iamsrk/status/1114232156090445825
শুধুমাত্র শাহরুখ নন, বীরেন্দ্র সেহওয়াগ থেকে শুরু করে হরভজন সিং, রাসেলের ব্যাটিং দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন। সবাই তাঁর পাওয়ার হিটিংয়ের প্রশংসা করছেন। ‘দ্রে রাস’ শোয়ে মুগ্ধ নাইট ভক্তরাও। শুক্রবার রাতের পর থেকে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে একাধিক মিম-এ। কোথাও দেখা যাচ্ছে, কোহলি হতাশ হয়ে বসে রয়েছেন, আবার কোথাও আরসিবি বোলাররা রাসেলের কাছে প্রার্থনা করছেন, তিনি যেন আর না মারেন। ম্যাচ জেতার পর ড্রেসিংরুমে কেক কেটে হয়েছে সেলিব্রেশন। কেন্দ্রে সেই রাসেল। তিনি যেন দিনদিন নাইট রাইডার্স দলটার নিউক্লিয়াসে পরিণত হচ্ছেন। সত্যিই শুক্রবারের রাতের পর যেন আইপিএলের বাহুবলীর জায়গাটাই নিয়ে নিয়েছেন ‘মাসেল রাসেল’।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-sports-brian-lara-says-if-andre-russel-is-there-west-indies-need-any-ten-players-to-make-team-for-world-cup/