দ্য ওয়াল ব্যুরো: সময়টা মোটেই ভাল যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের। গতকাল জানা গিয়েছিল দলের পেস বোলার দীপক চাহার করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার জানা গেল, আরও এক ক্রিকেটার আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। আইসোলেশনে রাখা হয়েছে তাঁকেও। পরপর দু’দিন দু’জন ক্রিকেটার আক্রান্ত হওয়ার খবরে চরম অস্বস্তিতে হলুদ ব্রিগেড।
সূত্রের খবর, গতকাল দীপক চাহারের পরে এদিন সকালে আরও একজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও এখনও তাঁর নাম জানানো হয়নি। চেন্নাইয়ের তরফে অবশ্য কোনও ক্রিকেটারেরই করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়নি। শুধু ক্রিকেটার নন, আরও ১২ জন সাপোর্ট স্টাফেরও রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে এই ঘটনায় দলের অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে বলে খবর।
সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার আগে চেন্নাইয়ে যে শিবির হয়েছিল, সেখানেই যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, দীপক চাহার, পীযূষ চাওলারা। সেই ক্যাম্প থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে খবর। আক্রান্ত সাপোর্ট স্টাফদের মধ্যে একজন দলের সোশ্যাল মিডিয়া চালনা করার দায়িত্বে ছিলেন। তার ফলে দলের অনেক ক্রিকেটারের সঙ্গেই তাঁর সংস্পর্শ হয়ে থাকতে পারে। এই কারণে বাকিদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই অবস্থায় নিজেদের কোয়ারেন্টাইন পিরিয়ড আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। ৩১ অগস্ট পর্যন্ত কোয়ারেন্টাইনে থেকে ১ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু দলে এতগুলি সংক্রমণ ধরা পড়ার কারণেই কোয়ারেন্টাইন পিরিয়ড আরও বাড়ানোর চিন্তা ভাবনা করছে তারা।
এর মধ্যেই আবার আইপিএল শুরু হওয়ার আগেই দেশে ফিরে এসেছেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার তথা মহেন্দ্র সিং ধোনির ডেপুটি সুরেশ রায়না। পুরো মরসুমেই পাওয়া যাবে না তাঁকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে এসেছেন রায়না। চেন্নাই সুপার কিংসের সিইও এ কে বিশ্বনাথন এই কথা স্বীকার করেছেন। কিন্তু চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিয়ে ও দলের সঙ্গে আমিরশাহী যাওয়ার পরেও হঠাৎ করে কেন তিনি দেশে ফিরলেন, তার কোনও কারণ জানাননি তিনি।
এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চেন্নাই শিবিরে। তার প্রভাব দলের পারফরম্যান্সে পড়তে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।